reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০২৬

তরুণ প্রজন্মের কাছে বিশ্বকাপ উন্মাদনা

ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি কোটি মানুষের আবেগ, প্রত্যাশা ও উৎসবের নাম। চার বছর পরপর আয়োজিত এই মহাযজ্ঞকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও তৈরি হয় ভিন্ন মাত্রার উন্মাদনা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বিশ্বকাপ মানে শুধু মাঠের লড়াই নয়, বরং প্রযুক্তি, বন্ধুত্ব, সমর্থন, নতুন নায়কদের আবিষ্কার এবং সামাজিক সংযোগের এক অনন্য অভিজ্ঞতা। বিশ্বকাপকে ঘিরে তাদের অনুভূতি, প্রত্যাশা ও উচ্ছ্বাসের নানা দিক তুলে ধরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরীফ শাহজালাল ইসলাম

খেলার মাঠ থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বকাপ

পুরো বিশ্ব এখন ফুটবল জ্বরে আক্রান্ত। একটা সময় বাড়ির সবাই, বন্ধু-বান্ধব, প্রতিবেশীরা মিলে একসঙ্গে বসে আনন্দ করে ফুটবল বিশ্বকাপ উপভোগ করত। সময়ের সঙ্গে সঙ্গে উপভোগের মাত্রা পরিবর্তন না হলেও প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে বিশ্বকাপ উপভোগের ধরনে এসেছে আমূল পরিবর্তন। একসময় টেলিভিশনের সামনে বসেই খেলা দেখার সুযোগ থাকলেও এখন স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সরাসরি ম্যাচ উপভোগ করা সম্ভব। টি-স্পোর্টস, বায়োস্কোপ ও বিভিন্ন অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্মের কল্যাণে দর্শকেরা সহজেই খেলার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। ফলে ব্যস্ততার মধ্যেও প্রিয় দলের খেলা মিস হওয়ার আশঙ্কা অনেকটাই কমে গেছে।

বলা বাহুল্য, স্মার্টফোনে বিশ্বকাপ দেখার এই ডিজিটালাইজেশন ফুটবলকে ড্রয়িংরুমের টিভি থেকে মুক্ত করে মানুষের হাতের মুঠোয় এনে দিলেও সামষ্টিক উৎসবের আমেজকে কিছুটা এককেন্দ্রিক করে তুলেছে।

ফাল্গুনী ইসলাম কণিকা

ইংরেজি বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়া।

পতাকার রঙে রঙিন বন্ধুত্ব, তর্ক আর আনন্দ

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের তরুণদের কাছে এক অন্যরকম উন্মাদনা। বিশ্বকাপ শুরু হলেই পাড়া-মহল্লা, অলিগলি, এমনকি গ্রামেও দেখা মেলে বিভিন্ন দেশের পতাকার। কেউ বাড়ির ছাদে পতাকা টানায়, আবার অনেকে পুরো বাড়িই প্রিয় দলের পতাকার রঙে রাঙিয়ে নেয়।

বিশ্বকাপ ঘিরে ছোট থেকে বড় সবার মাঝেই চলে মজার তর্ক-বিতর্ক। কোনো আর্জেন্টিনা সমর্থক যদি বিশাল এক পতাকা টানায়, তবে প্রতিবেশী ব্রাজিল সমর্থক তার থেকেও বড় পতাকা টাঙিয়ে তাকে ছাড়িয়ে যেতে চায়। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের খুনসুটি সব সময়ই যেন লেগে থাকে। বিশ্বকাপের ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করা, একসঙ্গে ম্যাচ দেখা- এসব যেন এক অন্যরকম বন্ধুত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি করে। যদিও তর্ক হয়, তবুও বিশ্বকাপের পতাকার রঙে শুধু আমাদের দেশটাই রঙিন হয় না, রঙিন হয়ে ওঠে আমাদের সম্পর্ক ও স্মৃতিগুলোও।

আবুল হাসান আব্দুল্লাহ

ইংরেজি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়া।

মেসি-রোনালদো পেরিয়ে নতুন নায়কদের খোঁজে

বিশ্ব ফুটবল দীর্ঘদিন ধরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ প্রতিভা ও সাফল্যের সাক্ষী। তাদের যুগ ফুটবলের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা প্রমাণ করছে।

কিলিয়ান এম্বাপ্পে, জুড বেলিংহাম ও লামিন ইয়ামালের মতো তরুণ তারকারা ফুটবলের ভবিষ্যৎ হিসেবে উঠে আসছে। তাদের গতি, দক্ষতা ও অসাধারণ পারফরম্যান্স ভক্তদের নতুন আশা দেখাচ্ছে। মেসি-রোনালদোর পরবর্তী যুগে এই নতুন নায়কেরাই বিশ্ব ফুটবলের মঞ্চে আলো ছড়াবেন। নতুন প্রজন্মের সমর্থকেরাও তাই এখন শুধু কিংবদন্তিদের স্মৃতিতে নয়, বরং আগামী দিনের নায়কদের স্বপ্নেও নিজেদের খুঁজে নিতে শুরু করেছে।

তাসমিম মাহমুদ

ইংরেজি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়া।

ভার্চুয়াল ফুটবল থেকে বাস্তব উন্মাদনা

ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, প্রত্যাশা ও উচ্ছ্বাসের এক মহামিলন। বিশ্বকাপকে ঘিরে সেই উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আধুনিক প্রযুক্তির যুগে এই উন্মাদনার সূচনা হয় ভার্চুয়াল জগতে- সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, অনলাইন আলোচনা, ফুটবলভিত্তিক ভিডিও ও ফ্যান কমিউনিটির তর্ক-বিতর্কে। প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে সমর্থকদের প্রত্যাশা ও উত্তেজনা প্রতিদিনই নতুন মাত্রা যোগ করে বিশ্বকাপের আমেজে।

তবে বিশ্বকাপের প্রকৃত রূপ আরো স্পষ্ট হয়ে ওঠে বাস্তব জীবনে। বিশ্বকাপ ঘনিয়ে এলেই শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ সেজে ওঠে প্রিয় দলের পতাকা, ব্যানার ও রঙিন সাজে। চায়ের দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল কিংবা পাড়ার আড্ডা- সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিশ্ব ফুটবল। জয়-পরাজয়ের আবেগ ভাগাভাগি করতে গিয়েও মানুষ এক অনন্য বন্ধনে আবদ্ধ হয়। ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্বের সীমা অতিক্রম করে ফুটবল হয়ে ওঠে বৈশ্বিক ঐক্য ও মানবিক সংযোগের প্রতীক। এভাবেই ভার্চুয়াল পর্দায় জন্ম নেওয়া উত্তেজনা বাস্তব জীবনে রূপ নেয় এক প্রাণবন্ত সামাজিক উৎসবে।

সাকিব রানা

ইংরেজি বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়