ভালোবাসা ও নির্ভরতার অনুভূতিতে বাবা দিবস

বাবা পৃথিবীর সবচেয়ে নির্ভরতা এবং নিরাপদ আশ্রয়স্থলের নাম। যিনি আজীবন সন্তানকে দান করেন নিরাপত্তা এবং ছায়ার মতো সবসময় পাশে থাকেন। শৈশব থেকে আমৃত্যু এই মানুষটি ভালোবাসা ও মমতায় নীরবে সন্তানের জন্য আত্মত্যাগ করেন এবং হয়ে ওঠেন একমাত্র ভরসার আশ্রয়স্থল। বাবাকে ঘিরে এসকল স্মৃতি ও শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন জান্নাতুল মুশরাত জেবিন
বাবার আঙুল ধরে প্রথম হাঁটতে শেখা
বাবার আঙুল ধরে হাঁটতে শেখার স্মৃতিটুকু হয়তো আজ স্পষ্ট মনে করতে পারছিনা, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ছাপ রয়ে গেছে। একটি শিশুর জন্মের পর বাবা-মাই হয়ে উঠে তার প্রথম আশ্রয়স্থল। একপা, দুইপা করে হাঁটতে গিয়ে যখন পড়ে যাওয়ার ভয় ছিল তখন বাবার শক্ত হাতটি ছিল সাহসের উৎস। বাবা শুধু হাঁটতে শেখাননি, শিখিয়েছেন উঠে দাঁড়াতে, চেষ্টা করতে ও কখনো কোনো কিছুতে হার না মানতে। সেই ছোট্ট আঙুলের স্পর্শে ছিল সাহস, নিরাপত্তা, ভালোবাসা এবং অদৃশ্য শক্তি, যা একজন শিশুকে পৃথিবীকে চিনতে শেখায়।
আফিয়া সুলতানা আঁখি
অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা।
না বলা অনুভূতিতে বাবা
দুটি অক্ষরের খুব ছোট একটি শব্দ হলো বাবা। বাবা শব্দটির মধ্যেই লুকিয়ে থাকে আকাশ সমান বিশালতা। জীবনের অনেক গল্প, অনেক কথাই মুখ ফুটে কখনো বলা হয় না বাবাকে। সেই না বলা গল্পগুলো, না বলা কথাগুলোর, না বলা অনুভূতিগুলোর নীরব আশ্রয়স্থল হলো বাবা। পরিবারের দায়িত্বগুলো নীরবে কাঁধে তুলে নিয়ে যিনি প্রতিনিয়ত সংগ্রাম করে চলেন জীবনের প্রতিটি বাঁকে। যার কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা। কিন্তু তাকে কখনোই মুখ ফুটে বলা হয়নি ‘বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।’
সাদিয়া হোসাইন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা।
বটবৃক্ষের ভূমিকায় বাবা
বটবৃক্ষের মতোই বাবা। নীরবে, নিঃশব্দে পরিবারের সব ঝড়-ঝাপটা নিজের কাঁধে নিয়ে আমাদের ছায়া দিয়ে যান। বটগাছ যেমন তার ডালপালা মেলে পথিককে রোদণ্ডবৃষ্টি থেকে বাঁচায়, বাবাও তেমনি সংসারের সব দুর্যোগ নিজের উপর নিয়ে সন্তানদের আগলে রাখেন। তার ছায়ায় আমরা নিশ্চিন্তে বড় হই, স্বপ্ন দেখি। সন্তানদের সুখী রাখতে বাবা নিজের সুখ পর্যন্ত বিসর্জন দেন। নিজে কষ্টে থাকলেও সন্তানদের গায়ে কষ্টের আঁচটুকু লাগতে দেন না। বটগাছের শিকড় যেমন মাটির গভীরে গিয়ে তাকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, বাবাও পরিবারের সেই শিকড়। তার আদর্শ, সততা ও পরিশ্রমই আমাদের মূল্যবোধের ভিত্তি। তাই বেঁচে থাকতেই বাবাকে জড়িয়ে ধরে বলতে চাই- ‘বাবা, তোমায় অনেক ভালোবাসি।’
মোছা. মুনিরা
সমাজবিজ্ঞান বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা।
বাবা জীবনের অন্যতম পথপ্রদর্শক
বাবা মানে নিঝুম রাতের এক টুকরো চাঁদের আলো যা নিঃশব্দে আমাদের অন্ধকার পথকে আলোকময় করে তোলে। তিনি পৃথিবীর এমন এক অনন্য পথপ্রদর্শক যিনি কোনো প্রতিদানের আশা না করেই নিজের জীবনের সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য বিলিয়ে দেন সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। ঝড়ের রাতে যে মাঝি শক্ত হাতে নৌকার হাল ধরে রাখে বাবা ঠিক তেমনই এক ভরসার নাম। তার তপ্ত নিঃশ্বাস আর কঠোর পরিশ্রমের প্রতিটি বিন্দু আমাদের জীবনের সাফল্যের সিঁড়ি তৈরি করে। বাবারা কখনো মুখে ভালোবাসার কথা বলেন না, কিন্তু তাদের ভেজা চোখের কোণে আর কপালে জমে থাকা চিন্তার ভাঁজে লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে খাঁটি এবং নিঃস্বার্থ প্রেম।
কানিজ সূবর্ণা বাবলি
অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা।
সন্তানের নিরাপদ আশ্রয়স্থল
একজন সন্তানের কাছে বাবা শব্দটা যতটা মধুর ঠিক ততটাই নিরাপদ। একজন বাবা পারেন তার সন্তানকে সকল অপশক্তি থেকে রক্ষা করে নিজের কাছে আগলে রাখতে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে নিজের সন্তানকে আদর্শ এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা শুধুমাত্র একজন বাবা করতে পারেন। অসুস্থতার সময় সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধপত্র কেনা এবং মায়ের পাশাপাশি মুখে তুলে ভাত খাইয়ে দিতে ভুলেন না একজন বাবা। পরীক্ষার ফলাফল খারাপ হলে বাবা যেমন শাসন করেন তেমনি পরীক্ষার ফলাফল ভালো হলে সবচেয়ে খুশি বাবাই হোন।
আদিবা মোবাশ্বেরা হক
অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা।
"









































