নিরাপদ ক্যাম্পাস, গল্প নাকি বাস্তবিক!
সমাজ গঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নারী। নারীদের বাদ দিয়ে কখনোই জাতি অগ্রসর হতে পারে না। বর্তমান পরিস্থিতিতে একজন নারী রাস্তায় কতটা নিরাপদ, সে-কথা অজানা নয়! সে প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নারীরা কতটা নিরাপদ, সেই প্রশ্নও উঠছে বারবার। নিরাপদ শিক্ষাঙ্গণ নির্মাণে গণ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মতামত তুলে ধরেছেন জান্নাতুল লামিশা-

৩২ একর হোক স্বপ্নবোনার নিরাপদ স্থান
বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি শিক্ষার্থীরা। যার একটি বড় অংশজুড়ে রয়েছেন নারী শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার আঙিনায় একজন নারী শিক্ষার্থী একটি নিরাপদ ও সুস্থ ক্যাম্পাস চান। তবে বর্তমান সময়ে ক্যাম্পাসে নারী নিরাপত্তা ও ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ নারীবান্ধব কি না বলা মুশকিল। প্রায়ই দেখা যায় টিজিং, বুলিং-এর শিকার হোন অনেক শিক্ষার্থী। ভুক্তভোগীরা সম্মানের ভয়ে, পেশীশক্তির ভয়েও চুপ থাকেন। ক্যাম্পাস শুধু শিক্ষার্থীবান্ধব নয়, নারীবান্ধব পরিবেশ, নারী নিরাপত্তা নিশ্চিত হওয়াটাও ভীষণ জরুরি।
আফরা রুমালি সুপ্তি
আইন বিভাগ
শিক্ষার জায়গা হতে হবে নিরাপদ
ক্যাম্পাসে নারী নিরাপত্তা নিশ্চিত করা শুধু মেয়েদের জন্য নয়, পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের সুস্থ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ ক্যাম্পাস মানে এমন জায়গা, যেখানে শিক্ষার্থীরা ভয় বা অস্বস্তি ছাড়া স্বাধীনভাবে পড়াশোনা, চলাফেরা ও নিজেদের মত প্রকাশ করতে পারে, যেখানে নারীদের বাকস্বাধীনতা থাকবে। নারী নিরাপত্তার জন্য কিছু বিষয় খুব জরুরি, যেমন: ক্যাম্পাসের পর্যাপ্ত সিসিটিভি থাকা ও নিরাপত্তাকর্মীদের সচেতন থাকা, ইভটিজিং, হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত আচরণের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া। অভিযোগ জানানোর জন্য সহজ ও গোপন ব্যবস্থা থাকা। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান ও সচেতনতা তৈরি করা জরুরি। এছাড়া বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় যেখানে নারী শিক্ষার্থীরা অবস্থান করে তাদের নিরাপত্তার বিষয়েও জোর দেওয়া। ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা যেন শিক্ষার্থীরা সন্ধ্যায় নির্বিঘ্নে চলাচল করতে পারে। নিরাপত্তার ছোট ছোট বিষয়গুলোকে খতিয়ে দেখা। যেন সেগুলো পরবর্তীতে বড় আকার ধারণ না করে।
মেঘলা আক্তার
রসায়ন বিভাগ
নিরাপদ ক্যাম্পাস নারীর অধিকার
সম্প্রতি দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি উদ্বেগের, এর প্রভাব শিক্ষাঙ্গনেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবেশ তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হলেও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও নিয়মিত নজরদারির অভাব অনেক শিক্ষার্থীর মনে অনিশ্চয়তার জন্ম দেয়। বিশেষ করে সন্ধ্যার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা আরো বেড়ে যায়। অন্যদিকে ক্যাম্পাসসংলগ্ন নলাম ও বাইশমাইল এলাকার পরিস্থিতি আরো উদ্বেগজনক। সন্ধ্যার পর এসব সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা, নির্জনতা এবং বখাটেদের উৎপাত নারী শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে। ফলে ক্যাম্পাসের বাইরের পরিবেশ নিয়ে তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি ও আতঙ্ক কাজ করে।
সমাজের সামগ্রিক বাস্তবতায় নারীদের মনে যে অদৃশ্য ভীতি তৈরি হয়েছে, তার প্রভাব থেকে শিক্ষাঙ্গনও আলাদা নয়। তাই এমন একটি নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করা জরুরি, যেখানে প্রতিটি নারী শিক্ষার্থী নির্ভয়ে, স্বাধীনভাবে এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন। এ জন্য দ্রুত ক্যাম্পাসজুড়ে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, ক্যাম্পাসসংলগ্ন এলাকায় পুলিশি টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
ফারজানা আক্তার
আইন বিভাগ
ভয়মুক্ত শিক্ষাঙ্গন চাই
একজন শিক্ষার্থীর কাছে মুক্ত বাতাস, জ্ঞানচর্চা আর সর্বোচ্চ নিরাপত্তার জায়গা হওয়া উচিত বিশ্ববিদ্যালয়। কিন্তু আমাদের সেই বিশ্ববিদ্যালয়ই আজ নিরাপদ নয়। প্রতিনিয়ত এক অজানা ভয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে। কয়েক মাস আগে ক্যাম্পাসে র্যাগিং ও ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলন শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, বরং দীর্ঘদিনের জমে থাকা দমবন্ধ পরিস্থিতির বিস্ফোরণ। ক্যাম্পাসের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল, সাম্প্রতিক ঘটনাগুলোই তার প্রমাণ। কয়েকদিন আগেও বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীর ওপর হামলা করেছে। বর্তমান পরিস্থিতিতে এই ক্যাম্পাস ও আশপাশের এলাকাকে শতভাগ নিরাপদ বলা যায় না। নিজের ক্যাম্পাস নিজের কাছেই নিরাপদ মনে না হওয়া সত্যিই লজ্জাজনক। আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে একজন শিক্ষার্থী ভয় নয়, স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে হাঁটবে। প্রয়োজন যথাযথ হস্তক্ষেপ এবং বাস্তবায়ন যা ক্যাম্পাসকে গড়ে তুলবে আধুনিক-নিরাপদ হিসেবে।
আফসানা মিমি সাদিয়া
আইন বিভাগ
"









































