মির্জা ফারিহা ইয়াসমিন স্নেহা, রাজশাহী কলেজ, রাজশাহী
রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব
শিক্ষার্থীদের দক্ষ ও অভিজ্ঞতা অর্জনের কারিগর

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র একাডেমিক ফলাফল ভালো হলেই সফল ক্যারিয়ার নিশ্চিত করা যায় না। প্রয়োজন বাস্তবমুখী দক্ষতা, সঠিক দিকনির্দেশনা এবং আত্মবিশ্বাস। এই উপলব্ধি থেকেই রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন ও দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব (আরসিসিসি)। সংগঠনটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রাজশাহী কলেজ ক্যাম্পাসে ২০১৫ সালের ২৭ আগস্ট রসায়ন বিভাগের চারজন মেধাবী শিক্ষার্থী ও প্রজ্ঞাবান শিক্ষকদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব (আরসিসিসি)। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে আসছে। শুরুতে সংগঠনটির দায়িত্বে ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মোহা. হবিবুর রহমান। সংগঠনটির উপদেষ্টা হিসেবে ছিলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আশফাকুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাম্যসাথী ভৌমিক এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. ব্রোজেন্দ্রনাথ।
সংগঠনের তৎকালীন সভাপতি ছিলেন মো. বাপ্পারাজ রাজু, সাধারণ সম্পাদক ছিলেন মরহুম তারেক রহমান এবং সহযোগী হিসেবে ছিলেন মো. রাকিবুল হাসান ও মাহবুর রহমান মাসুম। বর্তমানে সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জি. এম. নুরুন্নবী, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অনুতোষ কুমার প্রামাণিক এবং সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিম।
বর্তমানে সংগঠনটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক কাজী ইসতিয়াক আমিন বিশাল।
ক্যারিয়ার ক্লাবে বছরের শুরুতেই একটি বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করা হয়, যেখানে প্রতি মাসে কোন কোন বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হবে তা নির্ধারণ করা হয়। এই পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে সংগঠনটির প্রশিক্ষণ ও কর্মশালাগুলো অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য সংগঠনটির রয়েছে একটি দক্ষ নির্বাহী কমিটি এবং একঝাঁক নিষ্ঠাবান স্বেচ্ছাসেবী সদস্য। ইভেন্ট ম্যানেজমেন্ট, স্পিকার আমন্ত্রণ, আইটি ও ডিজাইন থেকে শুরু করে সেশনের দিন অসংখ্য শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা, সবকিছুই সংগঠনটির সদস্যরা বিভিন্ন উপদলে ভাগ হয়ে পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করে। পুরো দলগত কাজের সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করে সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যরা।
রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব সাধারণ শিক্ষার্থী এবং কমিটির সদস্য, উভয়ের জন্যই শেখার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এ সংগঠনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা মাসিক ‘ক্যারিয়ার জার্নি’ এবং বার্ষিক আয়োজন ‘ক্যারিয়ার রোডম্যাপ’ ও ‘ক্যারিয়ার টক’ থেকে সিভি ও রিজিউমে রাইটিং, চাকরির সাক্ষাৎকারের কৌশল, যোগাযোগ দক্ষতা, উপস্থাপন দক্ষতা, বিসিএস ও সরকারি চাকরির প্রস্তুতি এবং কর্পোরেট সেক্টরের নানা বিষয়ে দিকনির্দেশনা সহ আরো অনেক দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়ে থাকে।
এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সংগঠনটির স্বেচ্ছাসেবকদের জন্যও রয়েছে অতিরিক্ত শেখার সুযোগ। তারা সরাসরি কাজের অভিজ্ঞতার মাধ্যমে ইভেন্ট পরিচালনা, কর্পোরেট যোগাযোগ, জনসমক্ষে বক্তব্য প্রদান, সংকট মোকাবিলা এবং দল পরিচালনার মতো গুরুত্বপূর্ণ সফট স্কিল আয়ত্ত করতে পারে, যা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।
রাজশাহী কলেজের অন্যতম সক্রিয় ও জনপ্রিয় সংগঠন হিসেবে পরিচিত রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব। সংগঠনটি রাজশাহী কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি চাকরির বাজারেও যোগ্য ও দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।
এই ক্লাব থেকে দিকনির্দেশনা ও স্কিল ডেভেলপমেন্ট গাইডলাইন নিয়ে রাজশাহী কলেজের অনেক প্রাক্তন শিক্ষার্থী আজ দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক এবং সরকারি উচ্চপদে সুনামের সঙ্গে কর্মরত আছেন। যেকোনো প্রগতিশীল সংগঠনের মতোই এই সংগঠনটিকেও বেশ কিছু বাস্তবসম্মত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কলেজের একাডেমিক ব্যস্ততা, ক্লাস ও পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বড় অনুষ্ঠানগুলোর তারিখ নির্ধারণ করা বেশ কঠিন হয়ে পড়ে। আবার যেহেতু এই সংগঠনটি বৃহৎ পরিসরে কাজ করে এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের সুবিধা দেওয়াই একমাত্র লক্ষ্য, তাই অনেক সময় পর্যাপ্ত অর্থায়ন বা পৃষ্ঠপোষকতার অভাব একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়।
তবে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব এসব সীমাবদ্ধতাকে ব্যর্থতা হিসেবে না দেখে নতুন কৌশলে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে বিবেচনা করে।
সংগঠনটির সভাপতি মো. ইসমাইল হোসেনের মতে, বর্তমান বিশ্বে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ডিগ্রি সফলতার নিশ্চয়তা দেয় না; এর জন্য প্রয়োজন বাস্তবমুখী দক্ষতা ও সঠিক দিকনির্দেশনা। অন্যদিকে সাধারণ সম্পাদক কাজী ইসতিয়াক আমিন বিশাল মনে করেন, সুশৃঙ্খল পরিকল্পনা ও টিমওয়ার্কের কারণেই আজ এই সংগঠনটি শিক্ষার্থীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে।
সর্বোপরি বলা যায়, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব শুধু একটি সংগঠন নয়; বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি কার্যকর ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম। সুশৃঙ্খল পরিকল্পনা, দক্ষ পরিচালনা এবং স্বেচ্ছাসেবীদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলছে। ভবিষ্যতেও রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরো বৃহৎ পরিসরে কাজ করবে- এটাই সবার প্রত্যাশা।
"








































