উম্মে জোবায়দা, ইডেন মহিলা কলেজ
কৃষ্ণচূড়ার রক্তরঙে সজ্জিত ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস

গ্রীষ্মের তাপদাহে যখন প্রকৃতি পুড়ছে ঠিক তখনই প্রকৃতির মন জুড়াতেই যেন ফুটে ওঠে রক্তরঙা কৃষ্ণচূড়া ফুল। তেমনি করে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসেও এক টুকরো প্রশান্তির প্রলেপ এঁকে দিয়েছে লাল রঙের কৃষ্ণচূড়া। সাধারণত গ্রীষ্মকালেই কৃষ্ণচূড়া প্রকৃতিতে পূর্ণরূপে ধরা দেয়। তীব্র গরমে এর উজ্জ্বল লাল রঙ প্রকৃতির সৌন্দর্য্যে যুক্ত করে এক নতুন মাত্রা। অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়া এই ফুল যেন কলেজের সৌন্দর্যকে আরো গভীর ভাবে রাঙিয়ে তুলেছে। কেউ কেউ সে ছড়িয়ে পড়া ফুলগুলো খুব সযত্নে কুড়িয়ে নেয়। কলেজের ২ নাম্বার গেইট দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে সুউচ্চ কৃষ্ণচূড়ার গাছ। যার শাখা প্রশাখা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত।
শোভা বর্ধনকারী এই গাছের ফুল যখন ফুটে ওঠে তখন মনে হয় যেন গাছটি শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য সর্বদা প্রস্তুত। এর একটু বামেই প্রশাসনিক ভবনের পাশের কৃষ্ণচূড়া গাছটি যেন লাল আভা ছড়াচ্ছে। এছাড়াও ৩নং ভবনের সামনে ফুটে ওঠা কৃষ্ণচূড়া গাছটি দেখলে মনে হয় যেন পুরো ভবনটি তার দখলে নিয়েছে। শিক্ষার্থীরা নানা ঢঙে এখানে এসে ছবি তুলে। লাল রঙের ছোঁয়ায় সেজে ওঠা কৃষ্ণচূড়া ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এটি শিক্ষার্থীদের স্মৃতি ও আবেগের সঙ্গেও গভীরভাবে জড়িত। ক্লাসের ফাঁকে আড্ডায় কিংবা ক্যামেরাবন্দী অসংখ্য ছবির সৌন্দর্যের প্রধান আকর্ষণ হয়ে থাকে এই রক্তরাঙা ফুল।
গ্রীষ্মের রুক্ষ প্রকৃতির মাঝেও কৃষ্ণচূড়ার উজ্জ্বল উপস্থিতি যেন প্রাণে নতুন সঞ্চার জোগায়। প্রতি বছর ফুলের এই মোহনীয় লাল আভা ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে দেয় এক অন্যরকম আবেশ, যা ইডেন মহিলা কলেজের সৌন্দর্যকে করে তোলে আরো অনন্য ও প্রাণবন্ত।
"









































