সৈয়দা নাজিফা আক্তার, চট্টগ্রাম কলেজ
এক কাপ চায়ে প্রকৃতি, বিজ্ঞান ও সংস্কৃতির মেলবন্ধন

প্রকৃতিতে একটি সবুজ পাতা থেকে মানুষের প্রিয় পানীয়ে রূপান্তরের যে গল্প, তার নাম হলো চা। সকালের ঘুম ভাঙানো থেকে শুরু করে বিকেলের আড্ডা কিংবা ক্লান্তির মুহূর্তে সতেজতা ফিরিয়ে আনতে এক কাপ চায়ের জুড়ি নেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে চা অন্যতম। কিন্তু প্রতিদিনের পরিচিত এই পানীয়টির পেছনে রয়েছে একটি বিস্ময়কর উদ্ভিদজগৎ, যার সঙ্গে জড়িয়ে আছে উদ্ভিদবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও পরিবেশের নানা দিক। তেমনি সংস্কৃতি, সাহিত্যরও এক অনন্য সমন্বয় রয়েছে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠেও ধ্বনিত হয়েছে চায়ের প্রতি ভালোবাসার সুর “Come, oh come ye tea-thirsty restless ones; The kettle boils, bubbles and sings musically.”
১৮৪০ সালের প্রথমদিকে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। চায়ের বৈজ্ঞানিক নাম Camellia sinensis । এটি ঞযবধপবধব পরিবারের একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। উদ্ভিদ শ্রেণিবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস তার ‘Species plantarum’ নামক বইয়ে প্রথমদিকে চা গাছকে Thea sinensis নামে অভিহিত করেছিলেন। পরবর্তীতে এটি Camellia sinensis নামে স্বীকৃতি লাভ করে। এটি একটি উভলিঙ্গ উদ্ভিদ এবং প্রধানত পরপরাগায়নের মাধ্যমে বীজ উৎপন্ন হয়। চা উৎপাদনের ক্ষেত্রে মূলত দুটি প্রধান জাত গুরুত্বপূর্ণ। একটি হলো Camellia sinensis var. sinensis, যা তুলনামূলক ছোট পাতাবিশিষ্ট এবং শীতল আবহাওয়ায় ভালো জন্মে। অন্যটি Camellia sinensis var. assamica, যার পাতা বড় এবং উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে দ্রুত বৃদ্ধি পায়। বাংলাদেশ ও ভারতের অধিকাংশ চা বাগানে দ্বিতীয় জাতটির চাষ বেশি দেখা যায়।
উদ্ভিদবিজ্ঞানীদের মতে, চা গাছের উৎপত্তি দক্ষিণ-পশ্চিম চীন, আসাম ও মিয়ানমারের পার্বত্য অঞ্চলে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে বাণিজ্যিকভাবে চা চাষ করা হয়। বাংলাদেশের চা চাষের সাতটি উপজাত বা Agrotype এই ভাগ দেখা যায় সেগুলো হলো : আসাম জাত, চায়না জাত, মনিপুরী জাত, বার্মা জাত, হাইব্রিড-১, হাইব্রিড-২, হাইব্রিড-৩। তার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকায় চায়ের আবাদকালগুলো হলো - চট্টগ্রাম : (১৮৩৯-৪০), মালনীছড়া চা বাগান, সিলেট :১৮৫৪, লালচাঁন্দ চা বাগান, হবিগঞ্জ : ১৮৬০, মিরতিংগা চা বাগান, মৌলভীবাজার :১৮৬০, পঞ্চগড় :২০০০, বান্দরবান :২০০৫
সাধারণত চা গাছ স্বাভাবিকভাবে কয়েক মিটার উচ্চতা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে বাণিজ্যিক চাষে ক্ষেত্রে নিয়মিত ছাঁটাই করে একে ঝোপাকৃতিতে রাখা হয়, যাতে সহজে পাতা সংগ্রহ করা যায়। এর পাতাগুলো গাঢ় সবুজ, ডিম্বাকার এবং কিনারা করাতের দাঁতের মতো খাঁজযুক্ত। চা গাছের ফুল সাধারণত সাদা রঙের হয় এবং এর কেন্দ্রে অসংখ্য হলুদ পুংকেশর দেখা যায়। চা তৈরির জন্য সাধারণত গাছের কচি কুঁড়ি ও উপরের দুটি কোমল পাতা সংগ্রহ করা হয়। চা শিল্পে একটি প্রচলিত কথা হলো “Two leaves and a bud”, অর্থাৎ দুটি পাতা ও একটি কুঁড়িই সর্বোত্তম মানের চায়ের কাঁচামাল। এসব কোমল অংশে সুগন্ধি ও জৈব রাসায়নিক উপাদানের পরিমাণ বেশি থাকে।
অনেকে মনে করেন সবুজ চা, কালো চা ও সাদা চা ভিন্ন ভিন্ন গাছ থেকে পাওয়া যায়। কিন্তু প্রকৃতপক্ষেএকই চা গাছের কচি পাতা থেকেই সবুজ, কালো ও সাদা চা উৎপন্ন হয়। কেবলমাত্র প্রক্রিয়াজাতকরণের পার্থক্য রয়েছে । কালো চা তৈরির সময় পাতাকে জারণ (oxidation) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, ফলে এর রং গাঢ় হয়। অন্যদিকে সবুজ চায়ের ক্ষেত্রে জারণ রোধ করা হয়, যার কারণে পাতার সবুজ রং ও অনেক প্রাকৃতিক উপাদান অক্ষুণ্ণ থাকে।
চায়ে পাঁচ শতাধিক রাসায়নিক উপাদান রয়েছে। মানবস্বাস্থ্যের জন্য যেসকল উপকারী উপাদান রয়েছে তা হলো -ফ্ল্যাভোনয়েড, অ্যামাইনো এসিড, ভিটামিন, ক্যাফেইন এবং পলিস্যাকারাইড। এর মধ্যে ক্যাফেইন অন্যতম, যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং সাময়িকভাবে ক্লান্তি কমাতে সাহায্য করে। এ ছাড়া চায়ে পলিফেনল, ট্যানিন, ফ্লুরাইড জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানও থাকে। এসব উপাদান উদ্ভিদের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হলেও মানুষের শরীরেও নানা উপকারী ভূমিকা পালন করে বলে গবেষণায় দেখা গেছে। তাই চা পানে একটি সুন্দর প্রবাদ আছে - A cup a day keeps the dentist away।
বাংলাদেশের অর্থনীতিতে এই চায়ের অবদান উল্লেখযোগ্য। আমাদের দেশের হাজার হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের চা বাগানগুলো শুধু অর্থনৈতিক দিক দিয়েই নয় বরং জীববৈচিত্র্য সংরক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাদেশের চা শিল্পের উন্নয়নের পেছনে উদ্ভিদবিজ্ঞানের অবদান অপরিসীম। উদ্ভিদবিজ্ঞানের জগতে চা কেবল একটি পানীয় নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হিসেবে পরিচিত। উন্নত জাত নির্বাচন, রোগবালাই নিয়ন্ত্রণ, টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন এবং মাটির গুণাগুণ বিশ্লেষণের মতো বিষয়গুলো সরাসরি উদ্ভিদবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। একটি চিরসবুজ উদ্ভিদের কচি পাতাকে দীর্ঘ জৈবিক ও প্রক্রিয়াজাতকরণ ধাপ অতিক্রম করে আমাদের প্রিয় পানীয় চায়ে রূপান্তরিত করা হয়। এভাবে দেশের চা উৎপাদন বৃদ্ধি ও মান উন্নয়নে উদ্ভিদবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। একটি সাধারণ চায়ের কাপের পেছনে রয়েছে প্রকৃতির দীর্ঘ সাধনা।
"






































