reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

বাজেট ২০২৬-২৭

৩২৯ উপজেলায় হচ্ছে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান 

বিএনপির নির্বাচনি ইশতেহারে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি ছিল।

সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনসহ ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট ও চার বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।

বর্তমানে বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা ব্যাপক। বাংলাদেশ থেকে সে পরিমাণ দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশানুরূপ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এমন প্রকল্প গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে একটি দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। এর উদ্দেশ্য প্রতিটি শিক্ষার্থী কর্মবাজার উপযোগী অন্তত একটি দক্ষতা—কৃষি, আইসিটি (তথ্যপ্রযুক্তি), বিদ্যুৎ, ইলেকট্রনিকস, গ্রাফিক ডিজাইন, পর্যটন, স্বাস্থ্যসেবা নির্মাণ ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে যাতে প্রশিক্ষণের সুযোগ পায়।

আগামী অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থবছর ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। নতুন অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ ১৮টি কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করবে। এর মধ্যে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন করা হবে। আর ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন ও চারটি বিভাগে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়