ওয়াশিংটন ডিসিতে দ্বিপক্ষীয় বৈঠকে
বাংলাদেশকে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।
বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারি বৃদ্ধির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি মিস্টার কাইল হাউসভিট।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক জ্বালানি প্রযুক্তির আদান-প্রদান নিয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।
জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।









































