নিজস্ব প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

জেলা-উপজেলা পর্যায়ে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা

মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে সব জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা চালু করবে সরকার। এখানে নিবন্ধিত প্রার্থীদের মেধা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগ দিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ’ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ধারাবাহিকভাবে, দেশের অর্থনীতির সার্বিক সংস্কারের মাধ্যমে খাত ও অঞ্চলভিত্তিক অর্থনীতিকে চাঙা করে এবং শিল্পে-বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের অঙ্গীকার হলো- দেশব্যাপী ব্যাপক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যার মাধ্যমে প্রতিটি পরিবারে সচ্ছলতা ও স্বনির্ভরতা নিশ্চিত হবে। সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত প্রচেষ্টায় এই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সফলকাম হবো। মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে আমরা প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘এখানে নিবন্ধিত প্রার্থীদের মেধা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগ প্রদানে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। যাদের দক্ষতার ঘাটতি রয়েছে, উপযুক্ত দক্ষতা অর্জনের জন্য তাদের যথাযথ প্রশিক্ষণ কেন্দ্রসমূহে প্রেরণের ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে এরই মধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন কার্যক্রম শুরু হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়