মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে মাকে কুপিয়ে মারল মানসিক রোগী মেয়ে

মানিকগঞ্জের হরিরামপুরে রেজিয়া বেগম নামে এক বৃদ্ধা মাকে হত্যা করেছে তার মেয়ে। গতকাল মঙ্গলবার সকালে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। ৯৫ বছর বয়স্ক নিহত রেজিয়া বেগম উপজেলার মধ্যধুসুরিয়া এলাকার সোবহানের স্ত্রী। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৬০ বছরের রোকেয়া বেগম তার আপন মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের খাবার খেয়ে ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন রেজিয়া বেগম। এরপর তার মেয়ে রোকেয়া বেগম তরকারি কাটার ধারালো বঁটি দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে। পরে বিষয়টি জানাজানি হলে বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের নাতি রাসেল মিয়া জানান, সকালে তার দাদি ও ফুফু একসঙ্গে সকালের খাবার খেয়েছেন। খাবার খেয়ে দাদি তার ঘরে গিয়ে শুয়ে পড়েন। এরপর তার ফুফু তরকারি কাটার ধারালো বঁটি দিয়ে ঘুমিয়ে থাকা দাদিকে কুপিয়ে হত্যা করে।
"








































