মির্জা ফারিহা ইয়াসমিন স্নেহা, রাজশাহী কলেজ, রাজশাহী
বাংলা সংস্কৃতি ও শুদ্ধ সংগীতচর্চায় অনন্য রাজশাহী কলেজ সংগীতচর্চা কেন্দ্র

বাংলার হাজার বছরের সংস্কৃতি ও সংগীতের সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য। আবহমানকাল থেকে সংগীত বাঙালি জীবনের আবেগ, অনুভূতি, উৎসব, ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক আন্দোলনের প্রধান বাহক। আর এই ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজশাহী কলেজ সংগীত চর্চা কেন্দ্র। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংগীত প্রেম, সাংস্কৃতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের জন্য নিরলস ভাবে কাজ করে আসছে এই সংগঠনটি।
রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ আলী রেজা মুহাম্মদ আব্দুল মজিদ এবং শিক্ষার্থী মিলন আহম্মেদের সভাপতিত্বে গঠিত হয়েছিল রাজশাহী কলেজ সংগীত চর্চা কেন্দ্র। তখন থেকে আজ পর্যন্ত রাজশাহী কলেজ বিভিন্ন সাংস্কৃতিক ও জাতীয় অনুষ্ঠানে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমান এই কেন্দ্রে পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রজ্ঞাবান শিক্ষক সহযোগী অধ্যাপক নাসরিন আখতার বানু (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া জুয়েল সহকারী (বাংলা বিভাগ) ও সহকারী অধ্যাপক রাশেদ বিন মনসুর (ইংরেজি বিভাগ) এবং সেই
সয়েমড় মেধাবী শিক্ষার্থী চন্দ্রানী মন্ডল (সভাপতি) ও ইমতিয়াজ আহমদ (সাধারণ সম্পাদক)। যাদের নেতৃত্বে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে।
বর্তমানে বাংলা সংস্কৃতি ও শুদ্ধ সংগীতচর্চাকে এগিয়ে নিতে সঙ্গীত চর্চা কেন্দ্রের সদস্যরা নিয়মিত চর্চা, দলীয় পরিবেশনা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে ।
প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ রবি-বৃহস্পতি সকাল এগারোটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত প্রশিক্ষক সংগীত বিষয়ে ক্লাস নিয়ে থাকেন। এই ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের গান যেমন দেশাত্মবোধক, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও ফোকের পাশাপাশি বেসিক এবং শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও সাংস্কৃতিক মূল্যবোধ আরো সমৃদ্ধ হচ্ছে।
এ সম্পর্কে সংগঠনটির সভাপতি চন্দ্রানী মন্ডল বলেন, রাজশাহী কলেজ সঙ্গীত চর্চা কেন্দ্র শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, শুদ্ধ সংগীতচর্চা ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনের একটি প্রাণকেন্দ্র। দীর্ঘদিন ধরে আমরা কেন্দ্রটিতে নিয়মিত সংগীতচর্চা, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এবং নতুন প্রজন্মের মাঝে সংগীতের প্রতি ভালোবাসা তৈরি করতে কাজ করে যাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতেও এই কার্যক্রম আরো বিস্তৃত হবে বলে আমি আশাবাদী।
অন্যদিকে সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ মনে করেন, রাজশাহী কলেজ সঙ্গীত চর্চা কেন্দ্র সবসময় সংগীত ও সংস্কৃতির ইতিবাচক ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। নিয়মিত চর্চা, দলীয় পরিবেশনা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বাংলা সংগীতের প্রতি আগ্রহ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। সদস্যদের আন্তরিক অংশগ্রহণ ও প্রচেষ্টায় কেন্দ্রের কার্যক্রম দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে।
রাজশাহী কলেজের অন্যতম সেরা সাংস্কৃতিক সংগঠন হলো রাজশাহী কলেজ সংগীত চর্চা কেন্দ্র। এখান থেকে অনেক শিক্ষার্থী সংগীত বিষয়ক প্রশিক্ষণ নিয়ে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাছাড়া তারা বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অসামান্য প্রতিভার পরিচয় দেখিয়েছে। তাই বলা যায়, রাজশাহী কলেজ সংগীত চর্চা কেন্দ্র ভবিষ্যতে আরো সুন্দর ও সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করবে। এ প্রত্যাশা সকলের।
"









































