বিশ্ব বাবা দিবস আজ

আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনের প্রথম নায়ক, প্রথম শিক্ষক এবং নির্ভরতার সবচেয়ে শক্ত আশ্রয়—বাবাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ।
প্রতি বছরের তৃতীয় রবিবার বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজন ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পারিবারিক আয়োজনে, সর্বত্রই উঠে আসে বাবার ত্যাগ, স্নেহ ও অবদানের গল্প।
বাবা দিবসের শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৯১০ সালে সোনোরা স্মার্ট ডড নামের এক নারী তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টের প্রতি সম্মান জানিয়ে প্রথমবারের মতো দিবসটি পালনের উদ্যোগ নেন।
স্ত্রীর মৃত্যুর পর একাই ছয় সন্তানকে বড় করে তোলেন উইলিয়াম স্মার্ট। বাবার সেই ত্যাগ ও দায়িত্ববোধের স্বীকৃতি দিতেই দিবসটি চালুর উদ্যোগ নেওয়া হয়। পরে ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রে বাবা দিবস জাতীয়ভাবে স্বীকৃতি পায়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে জুন মাসের তৃতীয় রবিবার দিবসটি পালন শুরু হয়।
যদিও বাংলাদেশে বিশ্ব বাবা দিবস কোনও সরকারি বা আনুষ্ঠানিক দিবস হিসেবে পালিত হয় না, তবু সাম্প্রতিক বছরগুলোতে দিবসটি ঘিরে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে।









































