ভোলা প্রতিনিধি
ভোলায় গোলাম পরওয়ার
ঋণনির্ভর এ বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট একটি উচ্চবিলাসী ও বিদেশি ঋণনির্ভর বাজেট যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হবে। গতকাল শনিবার দুপুরে ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, বাজেট ঘোষণার আগে জামায়াতে ইসলামী একটি বিকল্প ‘ছায়া বাজেট’ উপস্থাপন করেছিল। সেখানে রাষ্ট্রীয় ব্যয় ও আয়, রাজস্ব আদায় বৃদ্ধি, কর কাঠামোর সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানো এবং দেশীয় উৎস থেকে অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সরকার সেসব প্রস্তাব উপেক্ষা করে বিদেশি ঋণনির্ভর একটি উচ্চ ব্যয়ের বাজেট উপস্থাপন করেছে। তিনি দাবি করেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এই বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। একইসঙ্গে তিনি বাজেট সংশোধন করে আগামী ৩০ জুন চূড়ান্ত অনুমোদনের আহ্বান জানান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, বড় আকারের বাজেট ঘাটতি মোকাবিলায় সরকারের জন্য প্রয়োজনীয় রাজস্ব আদায় কঠিন হবে। তার মতে, জামায়াতের প্রস্তাবিত ছায়া বাজেট অধিক জনবান্ধব ও উন্নয়নমুখী। বর্তমান প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতির জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যাংকিং খাত প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, শুধু ইসলামী ব্যাংক নয়; দেশের অন্যান্য ব্যাংকেও নানা ধরনের অনিয়ম ও অস্থিরতা রয়েছে। ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, এটি দেশের সাধারণ মানুষের ব্যাংক।
"





































