রাজশাহী ব্যুরো

  ৮ ঘণ্টা আগে

শহীদ জিয়াকে স্মরণ

শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের আহ্বান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন (রেজি নং-বি-২১০৪, জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত) সার্কেল সংস্থা উত্তরাঞ্চল রাজশাহীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর তেরখাদিয়ার হায়দার কনভেনশন সেন্টার ও রেস্তোরাঁয় গতকাল শুক্রবার আয়োজিত এ সভায় প্রধান বক্তা ও অতিথিরা শহীদ জিয়ার কর্মময় জীবন ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন। বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন উত্তরাঞ্চল সার্কেল সংস্থার সভাপতি মো. শাহীনূরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের রাজশাহী জিপিও-এর সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম সোহেল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা বলেন, শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু। দেশের উন্নয়ন ও উৎপাদনে তিনি শ্রমিক শ্রেণিকে সবসময় অগ্রাধিকার দিয়েছিলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শহীদ ইকবাল। তিনি ডাক বিভাগের নিম্ন বেতনভোগী কর্মচারীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ রাজশাহী মহানগর বিএনপি, মহানগর তাঁতি দল এবং রাজপাড়া থানা বিএনপির সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে এক আবেগঘন পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাবাগান বড় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মাসাদুল হাসান। মোনাজাতে উপস্থিত সবাই অশ্রুসিক্ত চোখে মরহুম নেতার রুহের মাগফিরাত কামনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়