বেনাপোল বন্দর দিয়ে হেঁটে বাংলাদেশে
ভিসা নিয়ে আশার কথা শোনালেন ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে পৌঁছে ভিসা নিয়ে আশার কথা শুনিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শুক্রবার (১২ জুন) সকালে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয়ে পেট্রাপোল বন্দরে পৌঁছান। পরে বেলা সাড়ে এগারোটার দিকে নো ম্যানস ল্যান্ড হেঁটে পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাকে স্বাগত জানান ভারতের ডেপুটি হাইকমিশনার পওয়ান বাধে।
এসময় পর্যটন ভিসা চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের ১৪০ কোটি জনসংখ্যা আর এখানের ২০ কোটি যোগ করলে হয় ১৬০ কোটি। সুতরাং যা হবে একসঙ্গে হবে। আলাদাভাবে আমি কিছু ভাবছি না।
তিনি বলেন, দেখুন তো হেঁটে চলে এলাম। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলেমিশে ভিসার বিষয়ে যা বললেন, সব আমার মাথায় আছে।
তিনি বলেন, আপনার বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্র, আমাদের শক্তিশালী গণতন্ত্র—দুই গণতন্ত্র মিলে গেলে একটা বিশ্ব শক্তি হয়ে যায়। একটা পুরো অর্থনৈতিক বিশ্ব শক্তি হয়ে যায়, কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয় পালন করব। কিন্তু আপনার (মিডিয়ার) সাপোর্ট থাকা দরকার।









































