ডেপুটি স্পিকারের সঙ্গে প্রতিনিধিদের বৈঠক
বাংলাদেশ-চীনের সহযোগিতা আরও জোরদারে আলোচনা

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে চীনা প্রতিনিধিদের বৈঠক হয়েছে।
বৈঠকে স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ সংযোগ বৃদ্ধির মাধ্যমে দুই পক্ষের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
শুক্রবার (১২ জুন) বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রতিনিধি দলে আরও ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, সংসদ সদস্য আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল ও সুলতানা জেসমিন এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
চীনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান এবং ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওয়াং নিং।
তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ভাইস গভর্নর লিউ ইয়াং, পররাষ্ট্র বিষয়ক মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা খাতের মহাপরিচালক লি বিনজে, বাণিজ্য খাতের মহাপরিচালক লি চাউইয়ে এবং স্বাস্থ্য খাতের মহাপরিচালক শি জানবিন।
বৈঠকে ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিশেষ করে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ এবং রোড কানেকটিভিটি বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি বিনিময় ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।









































