রুদ্ধশ্বাস লড়াই
হ্যান্ডবলে ইয়েমেনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নির্ধারিত সময়ের খেলা শেষ হলো সমতায়। ম্যাচের ভাগ্য গড়াল অতিরিক্ত সময়ে। সেখানে লড়াই হলো জমজমাট। শেষ পর্যন্ত ইয়েমেন পেরে উঠল না। রুদ্ধশ্বাস এক জয় নিয়ে আইএইচএফ (হ্যান্ডবল) ট্রফির অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে উঠল বাংলাদেশ।
রাজধানীর পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সেমি-ফাইনালে ৩৮-৩৭ গোলে জিতেছে বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৩৩-৩৩ সমতায়।
অন্য সেমি-ফাইনালে সহজ জয় পেয়েছে ভারত। মালদ্বীপকে তারা হারিয়েছে ৫৮-২৩ গোলে।
আগামীকাল রোববার(১৪ জুন) বিকেল ৫টায় শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ইয়েমেনের বিপক্ষে শেষ দিকে লাল কার্ড দেখেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাত গোল করা সুমল তঞ্চঙ্গ্যা। তবুও বাংলাদেশকে আটকাতে পারেনি ইয়েমেন।
সেমি-ফাইনালে বাম কনুইয়ে চোট পেয়েও দুর্দান্ত খেলেছেন রাতুল উদ্দিন। সর্বোচ্চ ৯ গোল করে তিনি হয়েছেন ম্যাচ সেরা।









































