বিশ্বকাপে প্রথমবার ‘নকল ফাউল’ ধরা পড়ল ভিএআরে

২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠে প্রথমবারের মতো এমন একটি ঘটনা ঘটেছে, যা ফুটবলের প্রযুক্তিনির্ভর রেফারিং ব্যবস্থায় নতুন অধ্যায় যোগ করেছে। যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহার করে ‘ভুল পরিচয়’ শনাক্ত করা হয়েছে, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।
লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রে চলে আসে ভিএআরের একটি সিদ্ধান্ত।
ম্যাচের ৫৩তম মিনিটে প্যারাগুয়ের তারকা মিগুয়েল আলমিরনের বিরুদ্ধে ফাউল করার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিমকে হলুদ কার্ড দেখান নেদারল্যান্ডসের রেফারি ড্যানি মাকেলি। সেই সঙ্গে প্যারাগুয়েকে ফ্রি-কিকও দেওয়া হয় এবং খেলা পুনরায় শুরু হয়ে যায়।
কিন্তু কিছুক্ষণ পরই পরিস্থিতি বদলে যায়। ভিএআর কক্ষ থেকে বার্তা পেয়ে মাঠের পাশের মনিটরে ঘটনাটি আবার দেখেন মাকেলি। পুনঃপর্যালোচনায় দেখা যায়, আলমিরনের সঙ্গে রিমের কোনো সংস্পর্শই হয়নি। বরং ফাউল আদায়ের জন্য অভিনয় করেছিলেন প্যারাগুয়ের উইঙ্গার।
এরপর নিজের আগের সিদ্ধান্ত বদলে টিম রিমের হলুদ কার্ড প্রত্যাহার করেন রেফারি। উল্টো ডাইভিংয়ের দায়ে হলুদ কার্ড দেখানো হয় আলমিরনকে।
ফিফা এবারের বিশ্বকাপে রেফারিং নীতিমালায় বেশ কিছু নতুন পরিবর্তন এনেছে। রেফারিদের প্রধান পিয়েরলুইজি কলিনার উদ্যোগে ‘ভুল পরিচয়’ সংশোধনের সুযোগ রাখা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো হলে বা ঘটনাটির প্রকৃত দায়ী ব্যক্তি অন্য কেউ হলে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে।
এছাড়া দ্বিতীয় হলুদ কার্ড থেকে হওয়া লাল কার্ডের সিদ্ধান্তও এখন পর্যালোচনা করা সম্ভব, যদিও প্রথম হলুদ কার্ডের ক্ষেত্রে সেই সুযোগ নেই।
তবে ঘটনাটি নিয়ে কিছুটা বিভ্রান্তিও তৈরি হয়। কারণ ফ্রি-কিক নেওয়ার পর খেলা এগিয়ে যাওয়ার পরেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, যা দর্শকদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে।
বিবিসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় ওয়েলসের সাবেক ডিফেন্ডার অ্যাশলি উইলিয়ামস বলেন, “ফ্রি-কিক নিতে দেওয়ার পর সিদ্ধান্ত বদলানো কিছুটা অদ্ভুত ছিল। তবে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এমন ঘটনা আমরা আগে দেখিনি, কিন্তু এটি ইতিবাচক উদ্যোগ।”
ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ড্যানি মারফিও নতুন নিয়মকে স্বাগত জানিয়ে বলেন, “ডাইভিংয়ের মতো বিষয়গুলোকে শাস্তির আওতায় আনতে পারে—এমন যেকোনো নিয়ম ফুটবলের জন্য ভালো।”
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ‘ভুল পরিচয়’ সংশোধনে ভিএআরের সফল ব্যবহার প্রযুক্তিনির্ভর রেফারিং ব্যবস্থার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
পিডিএস/এমএইউ









































