চাঁদপুর প্রতিনিধি
কচুয়ায় শিক্ষামন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে কাজ করছে সরকার

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় এগিয়ে নিতে কাজ করছে সরকার। ইতোমধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (১২ জুন) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগে যে ধরনের মুখস্থনির্ভর শিক্ষা ব্যবস্থা ছিল, বর্তমান শিক্ষাব্যবস্থা তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এখনকার শিক্ষা ব্যবস্থা মূলত ইনোভেশন, স্টার্টআপ এবং প্রজেক্ট বেইজড। শিক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে চলতি বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল।
প্রদর্শনীতে ৬টি কলেজসহ উপজেলার মোট ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা মোট ২৯টি উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় গুলবাহার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাওকাত হোসেন সুমন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম আকাশসহ শিক্ষক, সুধী ও আমন্ত্রিত অতিথিরা।
পিডিএস/এমএইউ









































