কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার : জালাল উদ্দিন এমপি

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের ঘোষিত মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি বিভাগের তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে কৃষি কার্ডের মাধ্যমে সহায়তা তুলে দেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দিন বলেছেন, 'অতিবৃষ্টিতে যেসব কৃষক ফসল হারিয়ে বিপাকে পড়েছেন, তাদের পাশে সরকার মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। সরকারের ঘোষণার আলোকে তালিকাভুক্ত কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।'

শনিবার (১৩ জুন) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় এবং কৃষি অফিসের তালিকা অনুযায়ী অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দিন বলেন, 'ক্ষতিগ্রস্ত কৃষকরা টানা তিন মাস জনপ্রতি তিন হাজার টাকা নগদ অর্থ ও ১৫ কেজি করে চাল পাবেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। বর্তমান সরকার কৃষির উন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যারা এবার তালিকাভুক্ত হতে পারেননি, তাদেরও পর্যায়ক্রমে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে।'

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, প্রাথমিকভাবে ৪০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে জনপ্রতি তিন হাজার টাকা নগদ অর্থ ও ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ১ হাজার ৬৫৮ জন কৃষক কৃষি কার্ডের মাধ্যমে মে, জুন ও জুলাই—এই তিন মাস সহায়তা পাবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়