reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

অনৈতিক সুবিধা নিতে দ্বারে দ্বারে ঘুরেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আদ্-দ্বীন হাসপাতাল অনৈতিক সুবিধা নিতে কোটি কোটি টাকা নিয়ে আমার দ্বারে দ্বারে ঘুরেছে। কিন্তু আমি নীতিতে অটল থেকেছি। লাইসেন্স বাতিল করেছি। অন্যদিকে জামায়াত নেতারা অবহেলায় ছয়টি শিশু মারা যাওয়ার পরও আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে কথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর দৃষ্টিভঙ্গির উদাহরণ দিতে গিয়ে আদ্-দ্বীন হাসপাতাল ইস্যু নিয়ে বলেন মন্ত্রী।

শনিবার (১৩ জুন) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ১০ লাখ টাকা নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়। সেখানে তিনি মনে করিয়ে দেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় ঘরে ঘরে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবেন স্বাস্থ্যকর্মীরা। দেশব্যাপী স্বাস্থ্যসেবা আরও সহজ এবং জনবান্ধব করার পরিকল্পনা সরকারের।

তিনি বললেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ব্যতিক্রমধর্মী প্রশাসন পরিচালনা করছে। দলমত নির্বিশেষে সব মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে। সরকারি সেবা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না বলেও দাবি তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র এবং অসহায় ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে মন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়