গাজীপুর প্রতিনধি
গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

গাজীপুরে মহানগরের মালেকেরবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মালেকেরবাড়ি এলাকার ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামের পোশাক কারখানার ৬তলা ভবনের ৬তলায় অবস্থিত গুদামে আগুন লগে।
এ সময় কারখানার কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কারখানার ওই ফ্লোর থেকে ধোঁয়া বের হতে দেখে শ্রমিকরা দ্রুত বাইরে চলে আসে। কর্মীরা আগুন নেভাতে ব্যর্থ হলে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। পার্শ্ববর্তী চৌরাস্তা মর্ডাণ ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রথমে ঘটাস্থলে পৌছে আগুন নেভাতে শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের আরো তিনটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোতে যোগ দেয়। দুই স্টেশনের ৬টি ইউনিটের কর্মীদের সম্মিলিত চেষ্টায় প্রায় বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। ততক্ষণে গুদামে থাকা বিপুল পরিমান ফ্যাবিক্স পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিসের ছয়ুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।









































