reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

বাজেটে দ্বিমুখী কৌশল

পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়তে বৈদ্যুতিক গাড়িতে করছাড়

দেশে পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের (ইভি) প্রসারে বড় ছাড় দিয়েছে সরকার। তবে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক কমানোর ঘোষণা এলেও এখনই কমছে না ইলেকট্রিক গাড়ি, মোটরবাইক বা স্কুটার- কোনোটিরই দাম।

ভোক্তা পর্যায়ে এই সুবিধার সুফল পৌঁছাতে আরও বেশ কয়েকদিন লাগবে। মূলত আমদানিকারকদের কাছে থাকা আগের উচ্চ শুল্কের পুরনো স্টক এবং বিশ্ববাজারের সরবরাহ চেইনের কারণে বাজারে পড়ছে না এর তাৎক্ষণিক প্রভাব।

সবুজ অর্থনীতি ও পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থাকে উৎসাহিত করতে এবারের বাজেটে দ্বিমুখী কৌশল নিয়েছে সরকার। বৈদ্যুতিক গাড়ি ও বাইক আমদানির ক্ষেত্রে বিদ্যমান করভার উল্লেখযোগ্য হারে কমানোর প্রস্তাব করা হয়েছে।

পাশাপাশি দেশ জুড়ে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন স্থাপনের গতি বাড়াতে চার্জার ও চার্জিং সরঞ্জাম আমদানির মোট করহার ৩৯ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে সরাসরি শূন্য শতাংশে নামানোর এসেছে ঘোষণা।

যদিও রাজধানীর প্রধান প্রধান ইলেকট্রিক মোটরবাইক ও স্কুটার বিক্রয়কেন্দ্রগুলো ঘুরে আগের দামেই বেচাবিক্রি চলতে দেখা গেছে। বাজেট ঘোষণার পরও শোরুমগুলোতে ঝুলছে আগের মূল্য তালিকাই।

মিরপুরের ভি মোটো শোরুমের ব্যবস্থাপক ইমরান জানালেন, বাজেটে কর কমলেও দাম কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মূল কোম্পানি থেকে। এখন পর্যন্ত তারা পুরনো দামেই পণ্য বিক্রি করছেন।

একই চিত্র মোহাম্মদপুরের ভি মোটো শোরুমেও। এই কেন্দ্রটির বিক্রয় প্রতিনিধি রক্তিম জানান, তাদের শোরুমে এখন যেসব স্কুটার আছে, সেগুলো বাজেট ঘোষণার অনেক আগেই আমদানি করা। অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের এই বাহনগুলো মূলত তৈরি হয় চীনে। নতুন চালানের পণ্য দেশে না পৌঁছানো পর্যন্ত নেই দাম কমার কোনো নিশ্চয়তা। কমলেও তা হতে পারে খুব সামান্য।

ডংজিন টেকনোলজির শপ ম্যানেজার মাসুম বিল্লাহর মতে, আমদানি পর্যায়ে ভ্যাট ও কর হ্রাসের সুবিধা যদি কোম্পানিগুলো সততার সঙ্গে ক্রেতাদের দেয়, তবেই শুধু বাজারে দামের ওপর পড়বে ইতিবাচক প্রভাব।

ইলেকট্রিক যানের আরেকটি ব্র্যান্ড আরা। ব্র্যান্ডটির বিক্রয় প্রতিনিধি জয় জানিয়েছেন, কর্তৃপক্ষের কাছ থেকে দাম কমানোর কোনো নির্দেশনা পাননি তারা। ফলে এই মুহূর্তে দাম কমার নেই কোনো সম্ভাবনা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়