কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার হবে নিরাপদ পর্যটন কেন্দ্র
ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কক্সবাজারকে একটি আধুনিক, আন্তর্জাতিক মানের এবং পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, সরকারের মূল দর্শন হলো কক্সবাজারের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে একে একটি সম্পূর্ণ নিরাপদ, আধুনিক এবং বৈশ্বিক পর্যটনকেন্দ্র হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করা। কক্সবাজারের ঐতিহ্যবাহী কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট পরিদর্শন শেষে গত শুক্রবার রাতে সাংবাদিক এবং দেশি-বিদেশি পর্যটকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘পর্যটকদের আন্তর্জাতিক মানের আবাসন সুবিধা নিশ্চিত করতে আমরা আধুনিক হোটেল, মোটেল এবং রিসোর্ট নির্মাণের জন্য বিশেষ জোন সুনির্দিষ্ট করার কাজ করছি। আমাদের সরকার শুধু সমুদ্রসৈকতকেন্দ্রিক পর্যটনেই সীমাবদ্ধ নয়, বরং কক্সবাজারের সমৃদ্ধ বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে সুপরিকল্পিত ইকো-ট্যুরিজম ব্যবস্থার প্রসারে সর্বোচ্চ জোর দিচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্যুরিস্ট পুলিশের নজরদারি জোরদার করা এই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।’
এর আগে শুক্রবার বিকেলে কক্সবাজারের কলাতলী বিচে আয়োজিত এক জমকালো অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। টুর্নামেন্টের বিষয়ে প্রতিমন্ত্রী মীর হেলাল তার বক্তব্যে বলেন, মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে এবং বর্তমান তরুণ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
"





































