বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

বিপন্ন প্রজাতির আহত গন্ধগোকুল উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে প্রায় বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল (সিভেট) উদ্ধার করা হয়েছে। উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকার কিরআতুল কুরআন কওমি মাদরাসা প্রাঙ্গণ থেকে স্থানীয় এক শিক্ষক ও শিক্ষার্থীদের মানবিক উদ্যোগে প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, শনিবার বিকালে মাদরাসা প্রাঙ্গণে একটি গন্ধগোকুল কুকুরের আক্রমণের শিকার হয়। এ সময় মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে যান। প্রথমে প্রাণীটিকে তিনি চিনতে না পারলেও পরে বুঝতে পারেন এটি একটি গন্ধগোকুল। এরপর শিক্ষার্থীদের সহযোগিতায় কুকুরের কবল থেকে প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়। কুকুরের কামড়ে প্রাণীটির লেজে আঘাতের চিহ্ন ও ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ খবর শুনে বিরল এই বন্যপ্রাণীটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে বিষয়টি বাবুগঞ্জ উপজেলা বন বিভাগকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেন।

বাবুগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার বলেন, উদ্ধার হওয়া গন্ধগোকুলটিকে বরিশাল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে প্রাণীটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়