reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন: স্বাস্থ্যপ্রযুক্তিতে আত্মনির্ভর দেশ গড়াই লক্ষ্য   

স্বল্প ও মধ্যম আয়ের দেশসমূহের উপযোগী সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এবং এর কার্যকর প্রয়োগের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রোববার (৫ জুলাই শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর হেলথকেয়ার ইন এলএমআইসিএস (ICATH-LMIC 2026)’।

স্বাস্থ্যপ্রযুক্তিতে বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন, এমপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), BIBEAT Ltd. এবং রিলেভ্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোসাইটি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে দেশ-বিদেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক, নীতিনির্ধারক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

দেশীয় উদ্ভাবনের আহ্বান: উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সীমিত সম্পদ থাকা সত্ত্বেও আমাদের বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলীরা যুগোপযোগী প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম। স্বাস্থ্যখাতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি উৎপাদন এখন সময়ের দাবি।" তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নত সেবা পৌঁছে দিতে গবেষণা ও উদ্ভাবনী খাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতি-সহায়তা ও প্রণোদনা প্রদানের অঙ্গীকার করেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ড. এফ. এম. সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, বাংলাদেশ ডায়েবেটিক সোসাইটির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) ডা. আহমেদ জামশীদ মোহামেদ এবং যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বি এইচ ব্রাউন।

অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন।

সম্মেলনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এফ. এম. সিদ্দিকী বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ। তিনি টেলিমেডিসিন, ডায়াবেটিক ফুট কেয়ার এবং নবজাতক স্বাস্থ্যসেবায় দেশীয় গবেষণার সফলতার কথা উল্লেখ করে শিল্প ও গবেষণার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানী মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগের দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তৌফিক হাসান প্রযুক্তি উদ্ভাবনের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল স্বাস্থ্যসেবা, মেডিকেল ডিভাইস উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রযুক্তিগত ও নীতিনির্ধারণী আলোচনা চলছে। আয়োজকদের আশা, এই সম্মেলনের সুপারিশসমূহ বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, জনমুখী ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়