জবিতে পদ্মা নদীর পরিবর্তনের ওপর এমফিল গবেষণা সেমিনার

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এমফিল গবেষক মো. ফরহাদ হোসেন তার গবেষণার প্রথম সেমিনার উপস্থাপন করেছেন। গবেষণার শিরোনাম ছিল "এসেসমেন্ট অফ পদ্মা রিভার ডাইনামিকস ইন বাংলাদেশ ইউজিং জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং টেকনিকস" (Assessment of Padma River Dynamics in Bangladesh Using GIS and Remote Sensing Techniques)।
রোববার (৫ জুলাই) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে এই গবেষণা সেমিনারটি হয়।
এতে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগের অধ্যাপক নিগার সুলতানা। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন ও বিভাগের অধ্যাপক মল্লিক আকরাম হোসেনসহ বিভাগের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা।
গবেষণায় মো. ফরহাদ হোসেন পদ্মা নদীর সাময়িক ও পারিপার্শ্বিক পরিবর্তনসমূহ তুলে ধরেন। তিনি আধুনিক ভৌগোলিক গবেষণা পদ্ধতির (জিআইএস ও রিমোট সেন্সিং) মাধ্যমে বিশ্লেষণ করেন কীভাবে নদীতে পলি জমে নতুন চরের সৃষ্টি হচ্ছে এবং এর ফলে নদীর গতিপ্রকৃতি ও বসতি স্থাপনের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসছে।
আলোচকবৃন্দ নদীমাতৃক বাংলাদেশে আর্থ-সামাজিক ও পরিবেশগত প্রেক্ষাপটে পদ্মা নদীর গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, পদ্মা নদী নিয়ে এই ধরণের গবেষণা নদী ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সরবরাহ করতে সক্ষম হবে।









































