চাঁদপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চাঁদপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. রিমন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের নুর পাটওয়ারীর পরিত্যাক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিমন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে এবং নুর পাটওয়ারী তাদের প্রতিবেশী। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্।

স্থানীয়রা জানায়, রিমনের মা ফতেমা বেগম প্রায় দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে করেছেন। বাবা আবুল কাশেমের মৃত্যুর পর রিমন বখাটেদের সঙ্গে মিশে গভীর রাতে বাড়ি ফিরতো। মা শাসন করলে উল্টো গালমন্দ ও শারীরিক নির্যাতন করত বলেও অভিযোগ রয়েছে।

ফতেমা বেগম বলেন, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে এক প্রতিবেশীর মাধ্যমে রিমনের খোঁজ নিয়েছিলাম। তিনি বলেছিলেন, রিমন স্থানীয় বাজারে গেছে। এরপর আর কোনো খবর পাইনি। রিমনের চাচা এমরান হোসেন লিটন জানান, রোববার সকালে প্রতিবেশী নুর পাটওয়ারীর ঘর থেকে দুর্গন্ধ পেলে তিনি স্থানীয়দের নিয়ে বসতঘরের জানালা খোলেন। ভেতরে রিমন আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে দেখেই ৯৯৯ ফোন করেন। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ বলেন, রিমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াইশ' শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি রহস্যজনক, ঘটনার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়