হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

হাটহাজারীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। যার আনুমানিক ৩৬/৩৭ বছর।

রবিবার (৫ জুলাই) উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ খন্দকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ খন্দকিয়া হাজি জয়নাল কোম্পানির বাড়িতে সকালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়।এতে ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মডেল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

লাশ উদ্ধারকারী উপ-পরিদর্শক আসাদ জানান, লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। আমরা সিআইডিকে খবর দিয়েছি তারা এসে ফিঙ্গারপ্রিন্ট নিলে পরিচয় পাওয়া যেতে পারে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা জানান, গণপিটুনিতে নিহিত ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলো।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আর ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়