কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা পাকার মাথা নামক এলাকায় পল্লী বিদ্যুতের নতুন লাইন সম্প্রসারণ ও মেরামত কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা শ্রী দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও অপরজন একই জেলার পল্লী বিদ্যুৎ সুটিপাড়ার এলাকার বাসিন্দা মেহের উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ঠিকাদারের নেতৃত্বে কয়েকজন শ্রমিক মিলে পল্লী বিদ্যুতের নতুন লাইন সম্প্রসারণ জন্য পিলার স্থাপনের কাজ করছিল।
এ সময় পুরোনো সঞ্চালন লাইনে পিলার পড়ে ২জন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হন। পরে নিহতের সহকর্মীগণ দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত্যু ঘোষণা করেন।
দায়িত্ব অবহেলাসহ বিদ্যুৎ বন্ধ না করে কাজের বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমতির কিশোরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম রোকনুজ্জামান বলেন, তারা কাজের আগে এখানে সার্টডাউন ফরম পুরণ করেননি এমনকি মৌখিকভাবেও বলেননি।
কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।









































