reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

জবি মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হলো।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘একাডেমিক সেশন’-এ বিভাগের একাডেমিক অর্জন, গবেষণা, ঐতিহ্য এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান ফৈজীর সঞ্চালনায় এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর যোগাযোগ শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে। কর্পোরেট অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে মার্কেটিং শিক্ষার গুরুত্বও তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার রানা, পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ও কৃষাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবেদ চৌধুরী, পূবালী ব্যাংক পিএলসি-এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ, মেটলাইফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলাউদ্দিন এবং বিডিজবস-এর হেড অব প্রোগ্রাম মো. আলী ফিরোজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের খ্যাতনামা কর্পোরেট ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক শিক্ষাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তিগত দক্ষতা এবং পরিবর্তিত বাজারব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা অর্জন অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সুপরিকল্পিতভাবে ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানিয়ে তারা ভোক্তা আচরণ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন, ব্যক্তিগত ব্র্যান্ডিং, দক্ষতা উন্নয়ন এবং সময়োপযোগী প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিল সমকাল, যমুনা টেলিভিশন, কালের কণ্ঠ ও নাগরিক টিভি। স্পন্সর হিসেবে ছিল দূরন্ত বাইসাইকেল ও পূবালী ব্যাংক পিএলসি। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় সেভয়, নেসক্যাফে, ফ্রেশ, এডুম্যাক্স কনসালটেন্সি এবং কাজী টি।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাব, মার্কেটিং ডিবেটিং ক্লাব, মার্কেটিং স্পোর্টস ক্লাব এবং মার্কেটিং বিজনেস ক্লাব।

অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে প্রথম দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। আগামী ১০ জুলাই দ্বিতীয় দিনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে পুনর্মিলনী হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়