ফেনী প্রতিনিধি
নদীতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ফেনীর ফুলগাজীর মুহুরী নদী থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর সাকিবুল ইসলাম (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীচন্দ্রপুর এলাকার নদী থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত সাকিবুল ইসলাম চট্টগ্রামের আলী হোসেনের ছেলে। তিনি শুক্রবার ফেনীর পরশুরামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে সাকিব তার নানি ও আত্মীয়ের সঙ্গে জঙ্গলঘোনা এলাকায় মুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর তীব্র স্রোতের টানে তিনি হঠাৎ ভেসে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা টানা চার থেকে পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল এসে দ্বিতীয় দফায় আরো তিন ঘণ্টা অনুসন্ধান চালালেও সাকিবের খোঁজ মেলেনি।
রবিবার সকালে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে ফুলগাজীর শ্রীচন্দ্রপুর এলাকায় মুহুরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
"






































