ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, “২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের পর যে নতুন জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।”
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এক ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ডেপুটি স্পিকার আরও বলেন, “জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র। আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। সরকারি ও বিরোধী দল উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।”এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ স¤পাদক মো. আইয়ুব মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এর আগে বরিশাল ও ফরিদপুর সফরের অংশ হিসেবে ভাঙ্গায় পৌঁছালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
"








































