ঢাবি প্রতিনিধি
শাহবাগে ফের প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তৃতীয় ধাপের প্রার্থীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।
কুমিল্লা থেকে আসা মাহবুবুর রহমান নামে একজন বলেন, আমরা এ সরকারের সময়ে সব ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি। আমাদের আগে আরো দুই ধাপের নিয়োগ সম্পন্ন হয়ে তারা চাকরিতে যোগদান করেছেন। কিন্তু আমরা ঝুলে আছি। তিনি বলেন, আমাদের অনেকে আগের চাকরি ছেড়ে দিয়েছেন নতুন চাকরিতে যোগদান করবেন বলে।
কিন্তু এটি না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। আমরা অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার দাবি জানাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
নওরীন চাঁদনী নামে আরেকজন বলেন, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ৬ হাজার ৫৩১টি পরিবার আর্থিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই সরকারি চাকরি করতেন। তারা এ প্রাথমিকে যোগদান করার জন্য কর্মরত সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। আমাদের মধ্যে অনেকেরই বয়স শেষ, তাদের আর কোনো চাকরিতে আবেদন করার সুযোগও নেই। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, কিছু লোকজন জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন। তবে তারা সড়ক অবরোধ করেননি।
এর আগের দিন সোমবার শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ তাদের লাঠিপেটা এবং জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দেয়। পরে একই দিনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
"








































