নরসিংদী প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

জনগণ এখনো সেই লাল জুলাইয়ের চেতনা ধারণ করে

গোলাম পরওয়ার

ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আইন আছে, সরকার আছে তারাই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণের চাওয়ার ওপর আমরা এ সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছি। আমরা টের পাচ্ছি জনগণ এখনো সেই লাল জুলাইয়ের চেতনা ধারণ করে। ফ্যাসিবাদী শক্তিকে দেশের জনগণ কখনো বরদাশত করবে না। র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, আধিপত্যবাদী শক্তির সব রক্তচক্ষু উপেক্ষা করে এ জনগণই কিন্তু ফ্যাসিবাদের রানিকে দেশ ছাড়তে বাধ্য করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

গতকাল শুক্রবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, এদেশের রাজনীতির যত গ-গোল পাকানো, জুলুম করা, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি- সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) নিয়ন্ত্রণ করে। জামায়াত সেক্রেটারি বলেন, জেনেভা কনভেনশন, বন্দি বিনিময় আইন, সবকিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সব প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ব্যবহার করার জন্য আরাম-আয়েশে দিল্লিতে তাকে থাকার সুযোগ করে দিচ্ছে। আমি মনে করি, আমরা সব প্রতিবেশীর সঙ্গে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই; দেশের স্বার্থে, ন্যায্য সম্পর্ক চাই; কিন্তু একের পর এক দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের পরিপন্থি পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে না।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না, তারা চায় সংশোধন। অথচ বিএনপি যে ৩১ দফার কথা বারবার বলে রাষ্ট্র সংস্কারে- ৩১ দফার ১ নম্বর দফা পড়ে দেখবেন। আপনি গুগলে সার্চ দেন, পাবেন। ৩১ দফার ১ নম্বরে বিএনপি স্বীকার করেছিল, ‘আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করব।’ কই? এখন তারা সংস্কার কয় না, এখন তো সংশোধন কয়। তাহলে জাতির কাছে দেওয়া কথা তারা রক্ষা করল না, অঙ্গীকার ভঙ্গ করল। তিনি আরো বলেন, বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে তা কার্যকর করে সংবিধান সংস্কার করা। তাহলেই সংকট নিষ্পত্তি হবে। আর তা যদি না করেন, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন গঠিত সরকার আসার পর কয়েক মাসে দেশে অসংখ্য জনদুর্ভোগ তৈরি হয়েছে। অসহনীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, হত্যা, নির্যাতন, শিশু ধর্ষণসহ বন্যা কবলিত মানুষের দুর্ভোগ, তাদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে না; তাদের উদ্ধার, পুনর্বাসনের তেমন কোনো সরকারি পদক্ষেপও দৃশ্যমান নয়। নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং টিম সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আবদুস সাত্তার, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আবদুল জব্বারসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়