চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি
স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা জনগণের সরকার, তাই আমরা মানুষের পাশেই আছি। জনগণের পাশে সবসময় থাকব। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি, বেসরকারি ও দলীয় উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ও বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুচপাড়া এলাকায় মাতামুহুরী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সরকারি জরিপ কার্যক্রম চলমান রয়েছে। রাস্তাঘাট, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদিপশু ও কৃষকের ফসলসহ সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা নিয়ে সরকার দাঁড়াবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বন্যাকবলিত এলাকায় যেখানে রান্না করা খাবারের প্রয়োজন হয়েছে, সেখানে তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি শুকনো খাবার, খাদ্যসামগ্রী, সুপেয় পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা সরকারি, বেসরকারি এবং দলীয় উদ্যোগে বিতরণ করা হচ্ছে। সকাল থেকে সড়কপথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং নিজ হাতে জরুরি ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন। পাশাপাশি মাতামুহুরী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর তিনি লক্ষারচর কৈয়ারবিল মাতামুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়েজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিমসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা। আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে।
"








































