reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০২৬

ঈদুল আজহার বিশেষ রান্না

আন্নি বিরানি বাঙালি খাদ্যাভাসে অবিচ্ছেদ্য খাবার। প্রধান উপকরণ চালের সাথে নানা ধরনের মশলা, টক, মিষ্টি, জ্বাল, মাংস এবং সবজি। তৎকালীন সময়ে আরবরা ব্যবসার কাজে আসতেন এশিয়া মহাদেশে। তাদের সেই খাবারটি রান্না করা আরম্ভ হয় মোঘল আমলের রাজ দরবারে। ছড়িয়ে পরে পুরো এশিয়া জুড়ে। নানা উপায়ে রাঁধা হয়, উপকরণ ভেদে নামকরণও হয় ভিন্নভাবে। কম ঝামেলায় ঐতিহ্যবাহী বাংলার আন্নি নিয়েই আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া

পায়ার আন্নি

পায়া রান্না : পায়া ২টি, কাঁটা হাড়যুক্ত মাংস ২ বাটি (২ টুকরো আদা দিয়ে দু’দিন সেদ্ধ করা), গ্রেট করা পেঁয়াজ ১টি, রসুন কোয়া ১টি, কাঁচামরিচ ৭টি, পানি ২ লিটার ও লবণ ১চা চামচ। সব উপকরণ একত্রে সেদ্ধ করুন।

ভাত- আতপ চাল ১ কেজি, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, তেল ১২ টেবিল চামচ। গোলাপজল ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পায়ার ঝোল মধ্যমা আঙুলির প্রথম দাগ পর্যন্ত।

বি:দ্র: পায়ার ঝোল কম হলে পানি ব্যবহার করবেন।

প্রস্তুত প্রণালি: তেল গরম করে সব উপকরণ একত্রে দিয়ে ৩০মিনিট দমে রাখলেই পায়ার আন্নি তৈরি।

হলদে আন্নি

উপকরণ : মাংস ১ কেজি, পেঁয়াজ ১টি, রসুন ১টি, আদা বড় ১ টুকরো, টমেটো ৪টি একত্রে ব্লেন্ডারে পিষা, কাঁচামরিচ গোটা ৮টি, সয়াবিন তেল আধা লিটারের অর্ধেক, লাল মরিচের গুঁড়ো ২ মুঠো, ধনে গুঁড়ো ১ মুঠো হলুদ ১ মুঠো, পানি ১ লিটার, লবণ ১ মুঠো। বড় ডেকচিতে নিয়ে মাংস রান্না করে ঝোল শুকিয়ে ফেলুন।

ভাত- সেদ্ধ চাল দেড় কেজি, পানি মধ্য আঙুলির প্রথম দাগ, রান্না মাংস একত্রে দিয়ে ফুটিয়ে নিন।

প্রস্তুত প্রণালি : আঁচ কমিয়ে ৩০ মিনিট দম দিলেই হলদে আন্নি তৈরি।

সাদা আন্নি

মাংস রান্না: খাসি/গরু/ভেড়ার মাংস ১ কেজি, আদা, রসুন বাটা ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়ো, জাফরান, জিরা গুঁড়ো, লবণ, চিনি ও কালো গোলমরিচ গুঁড়ো প্রতিটি ১ চা চামচ করে, গুঁড়ো দুধ ১ কাপ, সব উপকরণ মাখিয়ে ১০ মিনিট রাখুন, ১ কাপ তেল গরম করে মাংস কষান। ১/২ লিটার পানি দিয়ে মাংস রান্না করুন যতক্ষণ না পানি শুকিয়ে মাংস নরম হয়।

ভাত রান্না: ১২ টেবিল চামচ তেল গরম করে ২টি করে এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, দেড় লিটার পানি দিয়ে ১ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে ১ কেজি চিনিগুঁড়া চাল, ১ টেবিল চামচ গোলাপ জল ১ টেবিল চামচ লবণ দিয়ে ভাত রাঁধুন।

পরিবেশন পদ্ধতি: তেলে সেদ্ধ করা ১০ টুকরো আলু লাল করে ভেজে ফেলুন। ভাতের সাথে মাংস, আলু, ৪ টেবিল চামচ ঘি একটি কাঠির সাহায্যে মিক্স করলেই অসাধারণ স্বাদের সাদা আন্নি তৈরি।

মাখা আন্নি

উপকরণ: সেদ্ধ মাংস ২ বাটি, সেদ্ধ চাল ১/২ কেজি, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, তেল ১২ টেবিল চামচ, ১টি পেঁয়াজ, ৫ কোয়া রসুন কাঁটা। গোলাপ জল ১ টেবিল চামচ, তরল দুধ ১ লিটার, মোটরশুটি সেদ্ধ ২ মুঠো, কাঁচামরিচ ৮টি, লবণ ১ টেবিল চামচ, পানি মধ্যমা আঙুলির প্রথম দাগ পর্যন্ত।

প্রস্তুত প্রণালি : তেল গরম করে পেঁয়াজ, রসুন ভেজে শুকনো মসলায় মাংস কষিয়ে সব উপকরণ একত্রে দিয়ে ৩০ মিনিট দমে রাখুন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়