ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

নাইটগার্ডকে বেঁধে কলেজের টাকাসহ মালামাল লুট

ধামরাইয়ের রাজাপুরে বেগম আনোয়ারা গার্লস কলেজের নৈশপ্রহরীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে নগদ টাকা, ৩টি ল্যাপটপ, মোবাইলসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে চৌহাট ইউনিয়নের রাজাপুর আনোয়ারা গার্লস করেজে এ ঘটনাটি ঘটে। একই রাতে কলেজের পাশেই স্থাপিত বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ ও ৫ কেভি ২টি ট্রান্সফরমারও নিয়ে গেছে চোরেরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আজহারুল ইসলাম।

সরেজমিন সূত্রে জানা যায় রাতে ৭ থেকে ৮ জন মুখোশধারী হাফপ্যান্ট পরিহিত দুর্বৃত্ত কলেজের দরজার তালা ও বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে নৈশপ্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে আলমারির তালা ভেঙে ৩টি ল্যাপটপ, একটি মোবাইল, নগদ ২০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অন্যদিকে একই রাতে কলেজের পাশেই স্থাপিত বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ ও ৫ কেভি ২টি ট্রান্সফরমার ভাঙচুর করে ভেতরের কয়েল খুলে নিয়ে যায়।

নৈশপ্রহরী কাজী রেজাউল করিম বলেন, ‘আমি শোয়া অবস্থায় রাতে হঠাৎ করেই ৭ থেকে ৮ জন মুখোশধারী হাফপ্যান্ট পরিহিত লোক রাম দা দিয়ে ভয় দেখিয়ে আমার হাত-পা বেঁধে রেখে আমার কোমর থেকে চাবি নিয়ে জিনিসপত্র লুট করে নিয়ে যায়।’ পরে বিষয়টি রাতেই কলেজ কর্তৃপক্ষকে জানাই। এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আজাহারুল ইসলাম বলেন, আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়