গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম জাহিদ বিশ্বাস তিনি গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানি পাড়ার জামাল বিশ্বাস এর ছেলে।
গতকাল শুক্রবার দুপুর বেলা স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি একজন রাত্রিকালীন পেশাদার ব্যাটারিচালিত রিকশাচালক। গত ৪-৫ দিন ব্যাটারি নষ্ট থাকার কারণে রিকশা চালাতে পারেনি। বৃহস্পতিবার নতুন ব্যাটারি কিনে রাতে রিকশা চালানোর জন্য বের হয়ে আর রাতে ফিরে আসেনি। শুক্রবার দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামেলী পার্কের ইটের রাস্তার পূর্ব পাশে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহিদুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী প্রেরণ করা হয়েছে। আমরা ধারণা রাতের কোন একসময় তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে রিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
"







































