নিজস্ব প্রতিবেদক
বেকারদের ৬২% জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী

উচ্চশিক্ষিত বেকারদের ৬২ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। আবার সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে অনেকে সরকারি চাকরির জন্য স্বেচ্ছায় তিন-চার বছর বেকার থাকেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘রিকমেন্ডেশনস বাই দ্য টাস্কফোর্স অন রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি’ শীর্ষক দুই দিনব্যাপী এক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের মূল প্রবন্ধে এ তথ্য দেওয়া হয়। এ অধিবেশনে ‘শিক্ষা, তরুণদের বেকারত্ব ও তরুণদের উন্নয়ন’ বিষয়ে আলোচনা করা হয়।
ওই অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিজবসডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাসরুর ও টাস্কফোর্সের সদস্য রুমানা হক। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সম্মেলনের আয়োজন করে।
ফাহিম মাসরুর বলেন, উচ্চশিক্ষিত বেকাররা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। এই হার প্রায় ৬২ শতাংশ। এর অন্যতম কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী সমাজবিজ্ঞান বা কলার মতো বিভিন্ন বিষয়ে পড়েন, যার বাজার চাহিদা কম। তিনি আরো বলেন, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এমন শিক্ষার্থীদের একটি অংশ স্বেচ্ছায় বেকার থাকেন, তারা মূলত সরকারি চাকরির জন্য তিন-চার বছর অপেক্ষা করেন। এর পেছনে শুধু বেতন নয়, ক্ষমতার কেন্দ্রে যাওয়ার লক্ষ্যও থাকে তাদের মধ্যে, যা উচ্চশিক্ষিতদের মধ্যে বেকার বৃদ্ধির কারণ।
টাস্কফোর্সের সদস্য রুমানা হক দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষার মান, অবকাঠামোগত দুর্বলতা, লিঙ্গবৈষম্য, নীতিগত সমস্যা প্রভৃতি দূর করতে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ রয়েছে টাস্কফোর্সে। এগুলোর মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষাব্যবস্থার বিদ্যমান কাঠামো হালনাগাদ করা এবং তদারকি ও মূল্যায়ন প্রক্রিয়া বাড়ানো।
বিভাজিত শিক্ষাব্যবস্থা বৈষম্য বাড়াচ্ছে : ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সিপিডির ট্রাস্টি রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থা বেশকটি স্তরে বিভাজিত। অনেক ক্ষেত্রে কোনো জবাবদিহি ও নিয়ন্ত্রণ নেই। শিক্ষাকাঠামোতে থাকা বিদ্যমান উপধারাগুলো বৈষম্য বাড়ানোর হাতিয়ারে পরিণত হয়েছে। তার মতে, ‘কওমি মাদরাসায় কোনো নিয়ন্ত্রণকাঠামো নেই। আমার দেশে আমার সন্তানরা কোথায় পড়ছে, কী পড়ছে, তাদের আয়ের উৎস কী- এসব আমরা জানব না, সেটি কীভাবে হয়।
"






































