সিরাজগঞ্জ প্রতিনিধি
জনগণের আস্থা তৈরি করুন
নেতাকর্মীদের নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারো চান্স নেই। বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন গণতন্ত্রের জন্য। বিগত ১৬ বছরে দেশের অনেক মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হব। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, জনগণের আস্থা তৈরি করুন। জনগণকে কষ্ট দিয়ে যারা নিজের স্বার্থ হাসিল করে তাদের কোনো জায়গা হবে না। জনগণের সমস্যা সমাধান করতে না পারলে পতিত ফ্যাসিস্ট ফিরে আসবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এ জনসভায় নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বার বার জীবন দিয়েছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকার বার বার তাদের বঞ্চিত করেছে। আমরা লড়াই করে, সংগ্রাম করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। দেশের এ পরিবর্তন মানুষ স্বাগত জানিয়েছে।
‘শহীদ জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। আমরা বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছি, নতুন করে অর্থনৈতিক কার্যক্রম ফিরে এসেছে। কলকারখানার উন্নতি হয়েছিল। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।’ তিনি আরো বলেন, শেখ হাসিনা জাতীয় বেইমান। বার বার দেশে গণতন্ত্র হরণ করেছে। আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। জুলাই-আগস্ট আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৩১ দফা হলো রাষ্ট্রকাঠামো সংস্কারের দফা। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, বিগত ১৬ বছর ধরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে আন্দোলন করেছি। জনগণের আস্থা তৈরি করুন। জনগণকে কষ্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করে তাদের কোনো জায়গা হবে না। জনগণের সমস্যা সমাধান করতে না পারলে পতিত ফ্যাসিস্ট ফিরে আসবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল মান্নান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনকচাপা, জেলা বিএনপি সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
"






































