সংক্ষিপ্ত সংবাদ

উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের ডিসি পার্ক এলাকায় এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়াও প্রতিনিটি ইউনিয়নে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, ইউএনও খাইরুল ইসলাম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, এক বছরের টার্গেট মতো ৭ লাখ গাছ লাগানো হবে।
চারা বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গতকাল গাইবান্ধা জেলা পরিষদ কর্তৃক সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক সৈয়দ মইনুল হাসান সাদিক।
গাছ রোপণ
আদমদীঘি প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আগামী পাঁচ বছরের জন্য বগুড়ার সান্তাহার পৌরসভায় ৬ মাসে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচির যাত্রা শুরু হলো। গতকাল দুপুরে সান্তাহার পৌর শহরের সরকারি কলেজের সামনের সড়কে নানা প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা দেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও ইউএনও মাসুমা বেগম।
মাসিক সভা
গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তামশীদ ইরাম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ প্রমুখ।
আর্থিক সহায়তা
সিংগাইর প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে ১৫টি দুস্থ ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে সাত্তার ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় মো. নজর আলী মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, শিল্পপতি ও সাত্তার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম এ সাত্তার খান।
বৃক্ষরোপণ
শিবগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বাস্তবায়নাধীন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগের উদ্যোগে শিবগঞ্জ পৌরসভা ও শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মাজহারুল ইসলাম। এ সময় তিনি সকলকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
"







































