জান্নাতুল তাজরিন, ফেনী ইউনিভার্সিটি
ফেনী ইউনিভার্সিটি ল’ব্লাড সেলের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

মানবিক দায়বদ্ধতা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক কল্যাণে অঙ্গীকারবদ্ধ ফেনী ইউনিভার্সিটি ল’ব্লাড সেল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় সফলভাবে ত্রাণ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরফান হোসেনের নেতৃত্বে পরিচালিত এ মানবিক উদ্যোগের মাধ্যমে উপজেলার দুইটি ইউনিয়নের চারটি গ্রামের চার শতাধিক বন্যাদুর্গত মানুষের কাছে জরুরি খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসুরক্ষা উপকরণ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে
দেওয়া হয়।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু, সয়াবিন তেল, লবণ, মুড়ি, প্রয়োজনীয় মসলা, বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নাপা, মেট্রিক্স, ওরস্যালাইন, স্যাভলন, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি, মশার কয়েল এবং ফিটকিরি।
বিশেষভাবে জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রেখে নিরাপদ পানির ব্যবহার, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিধি এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ ত্রাণসামগ্রীর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। দুর্যোগ-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ, সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে এসব উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠনটি মনে করে।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সংগঠনের স্বেচ্ছাসেবীরা আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পুরো কার্যক্রম পরিচালনা করেন। দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দিয়ে তারা মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরফান হোসেন বলেন, ‘দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ফেনী ইউনিভার্সিটি ল’ব্লাড সেল শুধু রক্তদান কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; জনস্বাস্থ্য, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায়ও আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব।’
ফেনী ইউনিভার্সিটি ল’ব্লাড সেল এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা প্রদানকারী সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। একই সঙ্গে সংগঠনটি ভবিষ্যতেও জনস্বাস্থ্য উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
"









































