নিয়ামুর রশিদ শিহাব, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ
উদ্ভাবনীয় প্রকল্প নিয়ে জাতীয় পর্যায়ে দশম গলাচিপার তিন শিক্ষার্থী

ন্যাশনাল লেভেল স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং-২০২৬ জাতীয় পর্যায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদরাসার তিন শিক্ষার্থী। উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর পরিকল্পনা এবং পরিবেশবান্ধব ধারণার সমন্বয়ে তৈরি একটি ব্যতিক্রমী প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সেরা ১০ম স্থান লাভ করেছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে অর্থ পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়। এ সাফল্য অর্জনে এন জেড আলিম মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ পুরো গলাচিপা উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, মাদরাসাটির দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ, সোহাইবুর রহমান ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবু তালহা ‘নবায়নযোগ্য শক্তি নির্ভর আদর্শ নগর’ শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প তৈরি করেন। প্রকল্পটি তৈরিতে সহযোগিতা করেন প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মোছা. রেশমা বেগম এবং ইংরেজি বিষয়ের প্রভাষক মো. নুরুল ইসলাম।
প্রকল্প নির্মাতা তানজিম আহমেদ জানান, প্রকল্পটিতে সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব, টেকসই ও আধুনিক নগর গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ নগর নির্মাণের বাস্তব সম্মত ধারণা রয়েছে এ প্রকল্পটিতে। আমাদের এই উদ্ভাবনীয় প্রকল্পের ধারণার মূল উৎসই হচ্ছে আমাদের শিক্ষকরা। আমাদের শিক্ষকদের উৎসাহে এবং তাদের সহযোগিতার মাধ্যমেই আমরা এই প্রকল্পের ধারণাটি পেয়েছি।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আব্দুল হাই জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিতে নিয়মিত বিভিন্ন উদ্ভাবনীয় কার্যক্রম পরিচালনা করছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ লাভ করে। সেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত অসংখ্য উদ্ভাবনী প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে জাতীয় পর্যায়ে দশম স্থান অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী পরিষদ সদস্যদের কাছ থেকে এই উপহার গ্রহণ করা এটা একটি গর্বের ও গৌরবের বিষয়। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির, আনন্দের। তবে এটাই আমাদের জন্য শেষ নয়, ভবিষ্যতে সৃজনশীলতা বিকাশ, বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করতে এমন উদ্ভাবনীয় প্রকল্প চলমান থাকবে।
"









































