আন্তর্জাতিক ডেস্ক
সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে ইউরেনিয়াম সংক্রান্ত একটি চুক্তির অনুমোদন দিয়েছেন। সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। দুইএকদিনের মধ্যে চুক্তিটির বিষয়ে ঘোষণা আসতে পারে। চুক্তির আওতায় বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সমতা পেতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, চুক্তিটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এর মেয়াদ ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের কাজে মার্কিন কোম্পানিগুলো যুক্ত থাকবে।
টাইমসের পাশাপাশি ওয়াল স্ট্রিট জার্নালও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। টাইমস জানিয়েছে, ওয়াশিংটন-রিয়াদ যৌথ সমীক্ষার পর সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের অনুমতিও চুক্তির আওতায় থাকতে পারে। প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে বাধার মুখে পড়তে পারে। কারণ অনেক আইনপ্রণেতা আশঙ্কা করছেন, সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধ করার আশা পূরণে সাহায্য করলে পারমাণবিক অস্ত্রের বিস্তার ও এ ক্ষেত্রে প্রতিযোগিতার নতুন পথ খুলে যাবে।
"






































