জবি প্রতিনিধি
বৃষ্টিতে গোড়ার মাটি নরম হয়ে উপড়ে পড়েছে গাছ

রাজধানীতে টানা ভারী বর্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ মিনারের সামনের একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়েছে। জানা গেছে টানা প্রবল বৃষ্টিতে গাছটির গোড়ার মাটি নরম ও সরে যাওয়ার কারণে গাছটি উপড়ে পড়ে। এ ঘটনায় কোনো শিক্ষার্থী বা চালক আহত না হলেও বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল রবিবার সকালে আকস্মিক এ ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে গাছটির শিকড় দুর্বল হয়ে পড়লে সেটি হঠাৎ পাশে পার্কিং করে রাখা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর ভেঙে পড়ে। ঘটনার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে শহীদ মিনার প্রাঙ্গণের সামনে থাকা পুরোনো গাছটির গোড়ার মাটি নরম হয়ে যায়। একপর্যায়ে বিকট শব্দে গাছটি উপড়ে পাশে পার্কিং করে রাখা বিশ্ববিদ্যালয়ের বাসটির ওপর আছড়ে পড়ে।
গাছটি ভেঙে পড়ার সময় বাসের ভেতরে বা আশপাশে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে গাছের আঘাতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এ ঘটনায় মুহূর্তের জন্য ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
"






































