সিরাজগঞ্জ প্রতিনিধি
যমুনায় হু হু করে বাড়ছে পানি, চরাঞ্চলে বন্যার সঙ্গে তীব্র ভাঙন আতঙ্ক

টানা বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসা ঢলে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর পানি হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে যমুনার পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নদী অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চল ও দ্বীপচরের নিচু এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। হঠাৎ এই পানি বাড়ায় নদী তীরবর্তী ও চরের লাখো মানুষের মনে তীব্র বন্যা ও নদীভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।
তলিয়ে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, দ্রুত পানি বাড়তে থাকায় চরাঞ্চলের নিচু এলাকার ফসলি জমি ও বসতভিটায় পানি ঢুকছে। বিশেষ করে আমনের বীজতলা ও কাঁচা শাকসবজির খেত তলিয়ে যাওয়ায় চরম লোকসানের মুখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
যমুনা তীরবর্তী নতুন মাইজবাড়ী চরের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, "পানি যেভাবে বাড়তাছে, তাতে আমরা খুব আতঙ্কে আছি। এক রাতে এত দ্রুত পানি বাড়তে আগে দেখিনি। ফসলি জমি তো গেলই, ঘরের ভিটায়ও পানি ছুঁই ছুঁই করতাছে। যেভাবে পানি বাড়ছে, তাতে আজ রাতেই অনেক এলাকা তলিয়ে যাবে।"
চরাঞ্চলের মানুষের মানবিক সংকট
যমুনা নদীবেষ্টিত এই উপজেলায় বন্যা ও নদীভাঙনকে চরাঞ্চলের মানুষের জন্য স্থায়ী অভিশাপ বলে মনে করছেন স্থানীয় অধিকারকর্মীরা।
চরাঞ্চলের বাসিন্দা হালিম বলেন, "একদিকে বন্যা, অন্যদিকে সর্বগ্রাসী নদীভাঙন—এই দুই দুর্যোগে চরাঞ্চলের মানুষ প্রতিবছর চরম মানবিক সংকটে পড়ে। উন্নত দেশগুলোতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের রাষ্ট্র দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেয়। কিন্তু আমাদের দেশের মানুষ সর্বস্ব হারানোর পরও অনেক সময় কোনো খোঁজ নেওয়া হয় না।" তিনি নদী ভাঙনরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ এবং প্লাবিত এলাকার মানুষের সহায়তায় এগিয়ে আসতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রশাসন ও পাউবোর প্রস্তুতি
দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারি প্রস্তুতির বিষয়ে কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, "উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত ইউনিয়নগুলোর জন্য জিআর (GR) চাল, নগদ টাকা এবং প্যাকেটজাত শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।"
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান বলেন, "উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে যমুনার পানি বাড়ছে। এ কারণে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সতর্ক হতে পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি সামলাতে আমাদের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।"
পিডিএস/এমএইউ









































