দোহায় চিরনিদ্রায় শায়িত কাতারের সাবেক আমির

আধুনিক কাতারের রূপকার ও দেশটির ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে রাজধানী দোহায় সমাহিত করা হয়েছে। গতকাল রবিবার সকালে তার মৃত্যুর খবর প্রকাশের পর পুরো কাতার জুড়ে নেমে আসে শোকের ছায়া।
এদিন সন্ধ্যায় দোহার ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে অনুষ্ঠিত হয় তার জানাজা।
ঐতিহ্যবাহী কাতারি পোশাকে হাজারো সাধারণ মানুষ তাদের প্রিয় নেতার জানাজায় শরিক হন। কান্নাভেজা চোখে তারা শেখ হামাদের মরদেহের সামনে হাত তুলে শেষ বিদায়ের মোনাজাত করেন।
জানাজা শেষে ফাদার আমিরের মরদেহ কাঁধে তুলে নেন তার পুত্র ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং পরিবারের নিকটাত্মীয়রা। এরপর দোহার উত্তরে অবস্থিত লুসাইল কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি এই বিদায়ের মুহূর্তকে একটি অত্যন্ত বিনম্র আয়োজন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিশাল বিত্ত আর প্রভাবের অধিকারী হলেও শেখ হামাদকে অন্যাদের মতোই কবরে দাফন করা হয়েছে।
১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত শেখ হামাদের দীর্ঘ শাসনামলে কাতারের জিডিপি বৃদ্ধি পেয়েছিল ২৪ গুণেরও বেশি।
দেশের বিশাল গ্যাস সম্পদের উন্নয়নে তার দূরদর্শী চিন্তার কারণেই ২০০৬ সালের মধ্যে এই ছোট দেশটিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশে রূপান্তর করা সম্ভব হয়েছিল। সূত্র : আল-জাজিরা









































