reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

জাতীয় নিরাপত্তায় দেশসেবার মানসিকতা ও স্বনির্ভরতার তাগিদ আনসার মহাপরিচালকের

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যেকোনো সময় দেশের সেবায় আত্মনিয়োগের মানসিকতা ধারণ করতে হবে। একই সঙ্গে তিনি বন্যা ও দুর্যোগ মোকাবিলা, বৃক্ষরোপণ, মাদক প্রতিরোধসহ অন্যান্য জননিরাপত্তামূলক ও সামাজিক কার্যক্রমে সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

রবিবার (১২ জুলাই) কুমিল্লা রেঞ্জ ও জেলা কার্যালয় পরিদর্শন, সঞ্জীবন প্লাটুনের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সকালে মহাপরিচালক কুমিল্লা রেঞ্জে লাকসাম উপজেলা সঞ্জীবন প্লাটুনের সদস্যদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন। সভায় তিনি সঞ্জীবন প্লাটুনের বাস্তবায়ন কৌশল, কার্যপরিকল্পনা এবং সদস্যদের দায়িত্ব সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেন। টেকসই প্রকল্প পরিচালনার জন্য আর্থিক পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে তিনি সদস্যদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন। পাশাপাশি বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ বা গবাদিপশু পালন—যে প্রকল্পই নেওয়া হোক না কেন, বিকল্প জ্বালানি ব্যবস্থার মাধ্যমে সদস্যদের স্বনির্ভর হতে হবে। মহাপরিচালক আশ্বস্ত করেন যে, প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনা ও কারিগরি দক্ষতা উন্নয়নসহ সব প্রশিক্ষণ বাহিনীর তত্ত্বাবধানে পর্যায়ক্রমে দেওয়া হবে।

পরবর্তীতে মহাপরিচালক লালমাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার ও আন্তঃবাহিনী সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মহড়ায় এবারই প্রথমবারের মতো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশ নিচ্ছেন। মহড়ায় অংশ নেওয়া সদস্যদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, সেনাবাহিনীর এই প্রশিক্ষণ থেকে অর্জিত সামরিক জ্ঞান ও কৌশল নিজ নিজ প্লাটুনের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দিলে বাহিনীর সামগ্রিক সক্ষমতা বাড়বে। এটি স্থানীয় পর্যায়ে একটি দক্ষ ও সমন্বিত জননিরাপত্তা কাঠামো গড়ে তুলতে সাহায্য করবে, যা জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পরিশেষে তিনি সদস্যদের সততা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। এ সময় কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহা: মাহবুবুর রহমানসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়