মোঃ আমিনুল ইসলাম রানা, গোয়ালন্দ (রাজবাড়ী)
দেড় যুগের আতঙ্ক দূর করে মহাসড়কের ‘নিরাপত্তা প্রহরী’ আহলাদীপুর হাইওয়ে পুলিশ

প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়, পদ্মার মোড় ও দৌলতদিয়া বাইপাস সড়ক ছিল চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধের অভয়ারণ্য। বিশেষ করে রাতে এই মহাসড়কে যাতায়াতের কথা ভাবলেই যাত্রী ও চালকদের মনে এক অদৃশ্য আতঙ্ক ভর করত। বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা প্রকাশ্যেই যানবাহনের গতিরোধ করে, ভয়ভীতি দেখিয়ে মূল্যবান মালামাল ও টাকা-পয়সা লুটে নিত।
তবে অতীতের সেই চেনা চিত্র এখন পুরোপুরি বদলে গেছে। আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ দায়িত্ব নেওয়ার পর থেকে এই মহাসড়ক অপরাধমুক্ত ও নিরাপদ রুটে পরিণত হয়েছে।
নিরাপত্তা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ এই থানায় যোগদানের পর থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেন। ফলে সড়কে অপরাধের মাত্রা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরেছে।
কেবল অপরাধ দমনই নয়, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ নানামুখী পদক্ষেপ নিয়েছে। যেমন- অবৈধ যানবাহন বন্ধে অভিযান: মহাসড়কে দুর্ঘটনা রোধে তিন চাকার থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে। আইনি ব্যবস্থা ও যানজট নিরসন: ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং সার্বক্ষণিক যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
মানবিক কর্মকাণ্ড: যেকোনো সড়ক দুর্ঘটনায় দ্রুত সাড়া দিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে, দৌলতদিয়ার ৩ ও ৭ নম্বর ফেরীঘাটে পরপর দুইবার বাস ডুবির ঘটনায় হাইওয়ে পুলিশের নিরলস ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা
হাইওয়ে পুলিশের এমন সাফল্যের মাঝেও সম্প্রতি কিছু ফেসবুক পোস্টে তাদের বিরুদ্ধে নানাবিধ বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে হাইওয়ে থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কিছু অসাধু ও কায়েমি স্বার্থান্বেষী 'ফেসবুক সাংবাদিক' নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। আহলাদীপুর হাইওয়ে পুলিশ এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ওসির বক্তব্য
এ বিষয়ে আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, "মহাসড়কের যাত্রী ও যানবাহনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই হাইওয়ে পুলিশের মূল কাজ। আমি কেবল আমার ওপর অর্পিত দায়িত্বটুকুই সততার সাথে পালন করছি। মহাসড়কে যেকোনো অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। যতদিন দায়িত্বে আছি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বস্তির জন্য এভাবেই কাজ করে যাব।"
পিডিএস/এমএইউ









































